প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৩ ২২:৩৩ পিএম
এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন আফগানিস্তানের পেসার নাভিন উল হক। গত শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেশের হয়ে শেষ ম্যাচ খেলেন তিনি। ৫০ ওভারের ক্রিকেটকে বিদায় জানাবেন, আগেই জানিয়ে রেখেছিলেন নাভিন।
বয়স সবেমাত্র ২৪। আফগান তরুণের অবসর নিয়ে হতবাক অনেকেই। মূলত ইনজুরিই তাকে বাধ্য করেছে অবসরে যেতে। ওয়ানডে ছেড়ে সংক্ষিপ্ত সংস্করণে মনোযোগ দেবেন নাভিন। ক্যারিয়ার দীর্ঘ করতেই তার এমন সিদ্ধান্ত।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক স্টোরিতে বিদায়ি বার্তায় নাভিন বলেন, ‘দেশের প্রতিনিধিত্ব করা দারুণ সম্মান এবং গর্বের। বিশ্বকাপে আমাদের খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এক দিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে নীল জার্সি গায়ে দেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেট খেলব। খেলোয়াড়ি জীবনের এই পর্যায়ে এসে এমন একটা সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না, তা-ও নিতে বাধ্য হলাম। সবরকম সাহায্য এবং সমর্থনের জন্য বোর্ডকে ধন্যবাদ। সমর্থকদের ধন্যবাদ তাদের অফুরন্ত ভালোবাসার জন্য।’
নাভিনের এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া নয়। বিশ্বকাপের আগেই এক দিনের ক্রিকেট থেকে অবসরের কথা জানিয়েছিলেন। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘দেশের প্রতিনিধিত্ব করা আমার কাছে বিরাট গর্বের ব্যাপার। কিন্তু বিশ্বকাপের পর এক দিনের ক্রিকেট থেকে সরে যেতে চাই।’