প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩ ২২:৪৪ পিএম
অতিমানবীয় এক ইনিংসে আফগানিস্তানের সেমির স্বপ্ন ভেঙে দেন গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাচটিতে একপর্যায়ে শুয়ে পড়েন অজি অলরাউন্ডার। তবু শেষ দেখে মাঠ ছাড়েন। এমন অবস্থায় বাংলাদেশের বিপক্ষে ম্যাক্সওয়েলের ম্যাচ নিয়ে শঙ্কা জেগেছে। তবে সতীর্থ জস হ্যাজলউডের আশাবাদ, শিগগিরই ফিট হয়ে উঠবেন ম্যাক্সি।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১২৮ বলে ২০১ রানের অবিশ্বাস্য ইনিংসের পথে উভয় পায়ে ক্র্যাম্প নিয়ে পিচে পড়ে যান ম্যাক্সওয়েল। শুয়ে থাকার সময় পিঠেও টান লাগে। তারপরও ফিজিও নিক জোনসের অভয়ে শেষ পর্যন্ত লড়ে যান।
শারীরিকভাবে এখনও ফিট নন ম্যাক্সওয়েল। সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নিজেই জানিয়েছেন অস্বস্তির খবর। তবে সতীর্থ হ্যাজেলউড বলেন, ‘এটি হাইড্রেশন পাওয়ার ব্যাপার এবং আপনার ওজনকে আগের জায়গায় ফিরিয়ে আনবে। আমি মনে করি না সে খুব বেশি কিছু করবে এবং কয়েক দিনের মধ্যেই ফিরে আসবে।’
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আজ শনিবার বাংলাদেশের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। তবে এর মধ্যেই শেষ চার নিশ্চিত করে ফেলেছে অস্ট্রেলিয়া। এমনকি চূড়ান্ত হয়ে গেছে প্রতিপক্ষও।