প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩ ১৭:৩৭ পিএম
নিগার সুলতানা জ্যোতি বলেছিলেন, সিরিজটি জিতলে বড় অর্জন হবে। সেই দারুণ অর্জনের শুরুটার দায়িত্ব বোলিংয়ে সামলে নিলেন নাহিদা-রাবেয়া। পাকিস্তানের মেয়েদের আটকে রাখলেন ১৬৬ রানের মাঝে। পরে ব্যাটিংয়ে জয়ের ভিত গড়ে দেন টাইগ্রেসদের দুই ওপেনার। দুজনের ফিফটির পর অধিনায়ক জ্যোতির ব্যাটে আসে আরেকটি জয়। চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের পর পঞ্চাশ ওভারের সিরিজটিও নিজেদের করে নিয়েছেন স্বাগতিকরা।
শুক্রবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে পাকিস্তান। রান তাড়ায় টাইগ্রেসদের উদ্বোধনী জুটি থেকে আসে ১২৫ রান। মেয়েদের দলের ওয়ানডে ইতিহাসে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের ওপেনিং জুটি। এর আগে শুকতারা রহমান ও শারমিন আক্তারের করা ১১৩ রান ছিল সর্বোচ্চ জুটি।
স্পিনারদের নৈপুণ্যে নিদা দারদের নাগালেই রেখেছিল বাংলাদেশের মেয়েরা। বাকি কাজটা ভালোভাবেই সারেন টাইগ্রেস ব্যাটাররা। সিরিজ নির্ধারণীর বনে যাওয়া ম্যাচে ১৬৭ রানের ছোট লক্ষ্য তাড়ায় মুর্শিদা খাতুন ও ফারজানা হক। দুজনে করেন ফিফটি। দুই ওপেনারের বিদায়ের পরও পথ হারায়নি বাংলাদেশ। ২৬ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয় পেয়েছে জ্যোতিরা।
তাতেই আইসিসি উমেন্স চ্যাম্পিয়ন্সশিপের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতেছে নিগার সুলতানার দল। এর আগে চট্টগ্রামে দুই দলের টি-টোয়েন্টি সিরিজও জিতেছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচ শেষে বোলারদের নিয়ে স্তুতি গেয়েছেন বাংলাদেশের অধিনায়ক জ্যোতি, ‘আমরা পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পেরেছি। উইকেট বরাবর যত বেশি বল করা যায়, সে চেষ্টা করেছি, যা কাজে দিয়েছে।’