প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩ ২২:১৭ পিএম
সিরিজে ফেরার কথা শুনেই চোখেমুখে ঝিলিক খেলে গেল নিগার সুলতানা জ্যোতির। বাংলাদেশের অধিনায়কের আশা দ্বিতীয় ওয়ানডের মতো সিরিজটিও এবার ছিনিয়ে নেবেন। পাকিস্তানের মেয়েরা তবে কেন ছেড়ে কথা বলবেন— ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে জয়ে চোখ রাখার সেই প্রত্যয়ই ঘুরিয়ে-ফিরিয়ে বলেছেন সফরকারীদের অধিনায়ক নিদা দার।
মিরপুরে তিন ম্যাচের সিরিজের প্রথমটিতে পাকিস্তানের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি সুপার ওভার রোমাঞ্চ চড়িয়ে নিজেদের করে নেন টাইগ্রেসরা। শেষ ম্যাচটি তাই সিরিজ নির্ধারণীর। শুক্রবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অঘোষিত ফাইনাল বনে যাওয়া ম্যাচটিতে দুটি চ্যালেঞ্জ নিয়েছেন জ্যোতিরা। সিরিজ জয়ের পাশাপাশি উইমেন্স চ্যাম্পিয়্নসশিপে নিজেদের আরেকটু এগিয়ে নিতে চায় বাংলাদেশ।
চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজ জেতার মতো ওয়ানডে সিরিজটিও নিজেদের করতে পারলে তা দলের জন্য বড় অর্জন মানেন জ্যোতি, ‘যেভাবে গত ম্যাচে জিতেছি, অবশ্যই অনেক অনেক বড় একটা সুযোগ থাকবে। আরও ভালো ক্রিকেট খেলে ম্যাচ জিতে যেন সিরিজটাও নিশ্চিত করতে পারি।’
ভারতের বিপক্ষে আলোচিত সবশেষ সিরিজটি সমতায় শেষ হয়েছিল, জ্যোতি এবার কোনোভাবেই ট্রফি পাকিস্তানের সঙ্গে ভাগাভাগি করতে চান না, ‘ড্রয়ের দিকে চিন্তাভাবনা নেই। আমাদের হাতে অনেক বড় সম্ভাবনা আছে সিরিজটা নেওয়ার। সবকিছু নির্ভর করছে ইতিবাচক ক্রিকেট খেলার ওপর। আমরা চাই ইতিবাচক ক্রিকেট খেলে… আমাদের জন্য অনেক বড় একটা অর্জন হবে, যদি সিরিজটা নিতে পারি।’
আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ এখন আট নম্বরে। ১১ ম্যাচে জয় পেয়েছে দুটিতে। পয়েন্ট টেবিলে সেরা আট দল সরাসরি খেলবে বিশ্বকাপে। প্রতিটি ম্যাচই তাই গুরুত্বপূর্ণ দলগুলোর জন্য, সেটি বলছেন অধিনায়কও— ‘যেহেতু আন্তর্জাতিক সিরিজগুলো খেলছি, আমাদের সুযোগ অনেক বেশি র্যাঙ্কিংয়ে উন্নতি করা। সেটা হতে পারে পরবর্তী ম্যাচেই। যদি ভালো ক্রিকেট খেলি, ২ পয়েন্ট অর্জন করতে পারি, তাহলে র্যাঙ্কিংয়ে আরও বেশি এগিয়ে যাব।’
ভুলত্রুটি কাটিয়ে উঠতে চাওয়া জ্যোতিদের বিপক্ষে সর্বোচ্চটা দিয়ে লড়তে চান নিদা দার। পাকিস্তানের অধিনায়কের ভাবনাজুড়েও সিরিজ জয়, ‘সবশেষ ম্যাচটিতে চেষ্টা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ফল আমাদের পক্ষে আসেনি। দলের নিবেদনে আমি খুব খুশি। অবশ্যই আমরা পরের ম্যাচে জয়ের ধারায় ফিরতে চাই। আমরা আসলে স্যাটস বা অন্য কিছু নিয়ে ভাবছি না। কালকের ম্যাচটিকে ফাইনাল নয়, বরং সাধারণ একটি ম্যাচ ভেবেই খেলব। আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব।’