প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩ ১৪:৪৭ পিএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩ ১৪:৫৩ পিএম
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে মঙ্গলবার রাতে স্কটিশ ক্লাব সেল্টিককে নিয়ে ছেলেখেলা করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। নিজেদের ঘরের মাঠ স্তাদিও মেট্রোপলিটানোয় সেল্টিককে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। পিছিয়ে পড়েও প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)’র বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে ইতালিয়ান জায়ান্ট এসি মিলান। সবশেষ মৌসুমে ট্রেবল জেতা ম্যানচেস্টার সিটির সামনে পাত্তা পায়নি সুইজারল্যান্ডের ক্লাব ইয়ং বয়েজ। সিটিজেনদের বিপক্ষে তারা হেরেছে ৩-০ গোল ব্যবধানে।
সেল্টিককে বিদ্ধস্ত করার শুরুটা করেন অ্যান্তোইন গ্রিজম্যান। ৬ মিনিটের মাথায় দলকে প্রথমবার এগিয়ে দেন ফ্রান্স তারকা। এরপর দ্বিতীয়ার্ধে করেছেন আরও এক গোল। তার জোড়া গোলের আগে অবশ্য আলভারো মোরাতা। স্প্যানিশ এই তারকাও ম্যাচে দুটি গোল পেয়েছেন। এক গোলে অ্যাসিস্টও করেছেন তিনি। অন্য দুটি গোল আসে বদলি হিসেবে নামা স্যামুয়েল দিয়াজ লিনো এবং সল নিগুয়েজের পা থেকে। সেল্টিকের দাইজেন মায়েদা ২৩ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।
‘ই’ গ্রুপ থেকে চার খেলায় ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীষে আছে অ্যাটলেটিকো মাদ্রিদ। গতরাতে ফেনুর্ডের বিপক্ষে ১-০ গোলে জয় পাওয় ইতালিয়ান ক্লাব লাৎসিওর অবস্থান দুইয়ে। সমান খেলায় তাদের পয়েন্ট সাত।
ইতিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির বিপক্ষে উড়ে গেছে ইয়ং বয়েজ। ম্যাচের ৫১ মিনিটে আর্লিং হালান্ডের দ্বিতীয় গোলে স্কোরলাইন ৩-০ করে সিটি। দলের পক্ষে প্রথম গোলটাও এই নরওয়েজিয়ান। প্রথমার্ধের যোগ করা সময়ে অন্য গোলটি করেন ফিল ফোডেন। এই জয়ে ‘জি’ গ্রুপ থেকে ৪ ম্যাচেই পূর্ণ তিন পয়েন্ট করে আদায় করে নিলো ম্যানসিটি। ১২ পয়েন্ট নিয়ে তাই টেবিলের শীর্ষে রয়েছেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ৯ পয়েন্ট পেয়ে এই তালিকার দুইয়ে আছে গতরাতে রেড স্টার বেলগ্রেডের বিপক্ষে ২-১ গোলে জয় পাওয়া জার্মান ক্লাব ইউনিয়ন বার্লিন।
‘এফ’ গ্রুপের এসি মিলান-পিএসজি ম্যাচটি ছিল অন্যরকম। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে ৯ মিনিটের মাথায় পিছিয়ে পড়ে মিলান। গোলটি করেন পিএসজির ডিফেন্ডার মিলান স্ক্রিনিয়ার। তিন মিনিট পর গোল করে মিলানকে সমতায় ফেরান রাফায়েল লিয়াও। এরপর ৫০তম মিনিটে জয়সূচক গোলটি করেন অলিভার জিরুদ। ৪ খেলায় ৬ পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে পিএসজি। এক পয়েন্ট কম নিয়ে তিনে আছে মিলান। গতরাতে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারানো বরুশিয়া ডর্টমুন্ডের অবস্থান টেবিলের শীর্ষে। তাদের ঝুলিতে আছে ৭ পয়েন্ট।