প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩ ১১:২৭ এএম
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩ ১২:০৫ পিএম
হাসান রাজার মতে ভারত ডিআরএস নিয়ে কারচুপির আশ্রয় নিয়েছে।
বিশ্বকাপে রীতিমতো উড়ছে ভারত। টানা আট জয়ে টেবিলের শীর্ষে ম্যান ইন ব্লুরা। রোহিত শর্মাদের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে প্রতিপক্ষ। শ্রীলঙ্কাকে ৫৫ রানে গুটিয়ে দেওয়ার পর ইডেন গার্ডেনসে দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামায় ভারত। ম্যাচটি ২৪৩ রানে জয় পায় স্বাগতিকরা।
তুঙ্গে থেকে শীর্ষে অবস্থান করা ভারত নিজেদের ইতিহাসের সেরা দল কি না, এমন আলোচনার মাঝে ডিআরএস নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার হাসান রাজা। পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলে হাসান রাজা ভারতের জয়যাত্রা নিয়ে কয়েক দিন আগেও সন্দেহ প্রকাশ করেছিলেন।
হাসান রাজার মতে, ভারত ডিআরএস নিয়ে কারচুপির আশ্রয় নিয়েছে। পাকিস্তানের এবিএন নিউজে বিশ্লেষক হিসেবে কাজ করেন তিনি। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আলোচনায় তিনি বলেন, ‘সোমবার তো জাদেজাও পাঁচ উইকেট নিয়ে নিল। এটা তার ক্যারিয়ারসেরা। কিন্তু ডিআরএস প্রযুক্তি যেভাবে দক্ষিণ আফ্রিকার ফন ডার ডুসেনকে আউট দিল, সেটাকে কী বলবেন! বাঁহাতি স্পিনারের বল টার্ন নেওয়ার পর যেকোনো জায়গায় যেতে পারে। লেগ স্টাম্পে বল পিচ করার পর সেই বল কীভাবে মিডল স্টাম্পের দিকে যায়? ইমপ্যাক্ট ইন লাইন ছিল। আর বল লেগ স্টাম্পে যাচ্ছিল।’
রাজার দাবি ডিআরএসে কারচুপি হচ্ছে ‘আমি মনে করি, এসব বিষয় আরও খতিয়ে দেখা হোক। ডিআরএস নিয়ে কারচুপি হচ্ছে। বিশ্বকাপে অনেক ডিআরএস সিদ্ধান্ত বিতর্কিত। পাকিস্তানের বিপক্ষে গেছে একটি ডিআরএস সিদ্ধান্ত।’