× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘টাইমড আউট’ বিতর্ক

সাকিব-ম্যাথুসে দ্বিখণ্ডিত ক্রিকেট দুনিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৩ ০১:১৮ এএম

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩ ১১:৫৬ এএম

প্রথমবারের মতো ‘টাইমড আউট’  নিয়মের শিকার অ্যাঞ্জেলো ম্যাথুস।

প্রথমবারের মতো ‘টাইমড আউট’ নিয়মের শিকার অ্যাঞ্জেলো ম্যাথুস।

‘টাইমড আউট’ আইনসিদ্ধ। প্রথমবারের মতো এ নিয়মের শিকার অ্যাঞ্জেলো ম্যাথুস। সাদিরা সামারাবিক্রমা আউট হয়ে সাজঘরে ফেরার পর পরবর্তী বল মোকাবিলা করতে ২ মিনিটের বেশি সময় নিয়ে ফেলেন ম্যাথুস। বাংলাদেশের আবেদনে সাড়া দিয়ে মাঠের আম্পায়ার আউট দেন লঙ্কান এই অলরাউন্ডারকে। আন্তর্জাতিক ক্রিকেটে বিরল এ ঘটনার জন্ম দিয়ে ইতিহাসে নিজের নাম লিখে ফেলেছেন সাকিব আল হাসান।

আউটটা পুরোপুরি বৈধ হলেও বিতর্ক যেন শেষ হচ্ছে না। গণমাধ্যম থেকে সামাজিক মাধ্যম সব জায়গায়ই আলোচনার ঝড় চলছে। বিষয় একটাই- ‘টাইমড আউট’। সাবেক ক্রিকেটার থেকে বিশ্লেষক সবাই এখন দুই ভাগে বিভক্ত। কেউ বলছেন সাকিবের পক্ষে। আবার কেউ ব্যাট করছেন ম্যাথুসের হয়ে। দিল্লিতে ঘটে যাওয়া বিরল ও ঐতিহাসিক ঘটনা নিয়ে পুরো ক্রিকেট দুনিয়া এখন দুই ভাগে খণ্ডিত। ম্যাথুস নিজের পাশে বেশি লোক পেলেও সাকিবের পক্ষেও দাঁড়ানো মানুষের অভাব নেই!

ম্যাথুসকে টাইমড আউটের বিষয়ে সাকিবের পাশে দাঁড়ান রুবেল হোসেন। তারকা এই পেসার বাটলারের মানকাড আউট নিয়ে খোঁচাও দেন, ‘ম্যাথুস আপনি একজন প্রফেশনাল ক্রিকেটার। ৯ বছর আগে আপনি যখন জস বাটলারকে একটি বিতর্কিত আউট করেছিলেন, তখন আপনার আবেগ কোথায় ছিল? কাউকে না কাউকে পথ দেখাতে হবে তো, গ্রেট ব্রাদার।’ ভারতীয় ক্রিকেট বিশ্লেষক ও ধারাভাষ্যকার হার্শা ভোগলে সাকিবের পক্ষ নিয়ে বলেন, ‘সাকিবের আপিল করার অধিকার রয়েছে, সে কী করবে না করবে সে সিদ্ধান্ত নেওয়ার আমরা কেউ না। ম্যাথুস ও শ্রীলঙ্কার ভক্তরা হতাশ হতে পারে, রাগ করতে পারে। কিন্তু নিয়ম অনুযায়ী সে আউট হয়েছে।’

পাকিস্তানের সাবেক ক্রিকেটার আফ্রিদি বলেন, ‘বাংলাদেশ কী করেছে বুঝতে পারছি না। অ্যাঞ্জেলো ম্যাথুস তার ক্রিজে ছিলেন এবং তিনি ব্যাট করার জন্য প্রস্তুত ছিলেন। এটি একটি সরঞ্জামের সমস্যা এবং সাকিব আল হাসানের এখানে স্পোর্টসম্যানশিপ দেখানো উচিত ছিল। এমনটা হওয়া উচিত হয়নি।’

সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন বলেন, ‘সবাই স্পিরিট অব দ্য গেম ব্রেক করে নিয়মিতই। ৫০ ওভারের ক্রিকেটে আপনার হাতে ২ মিনিট থাকে প্রথম বলটা খেলার জন্য। ক্রিজে গিয়ে অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে ম্যাথুসের মাথায় থাকার কথা ছিল আমার প্রথম বলটা খেলতে হবে।’

সাবেক ভারতীয় ক্রিকেটার হরভজন সিং তো আম্পায়ার ও সাকিবকে কাঠগড়ায় তুলেছেন, ‘একেবারে বাজে, সাকিব প্রথমে জিজ্ঞাসা করলেন এবং তারপর আম্পায়াররা ম্যাথুকে আউট দিয়ে সম্পূর্ণ ফালতু কাজ করলেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা