প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩ ১৭:২৭ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩ ১৭:২৮ পিএম
বিশ্বকাপে ব্যর্থতার দায়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করা হয়েছিল গতকাল সোমবার। পরে লঙ্কান আপিল আদালত এসএলসির অন্তর্বর্তীকালীন কমিটির কার্যক্রম দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন। আজ মঙ্গলবার কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে করা এক রিট পিটিশনের শুনানির পর আদালত এই অন্তর্বর্তীকালীন আদেশ দেন। ফলে ক্রিকেট বোর্ড পুনর্বহাল হয়েছে ।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর জানিয়েছে, ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিতে আজ এসএলসি কার্যালয়ে গিয়েছিলেন অন্তর্বর্তীকালীন কমিটির চেয়ারম্যান অর্জুনা রানাতুঙ্গা। তবে আদালতের আদেশের পর তিনি বেরিয়ে গেছেন।
গতকাল লঙ্কানদের বিশ্বকাপজয়ী অধিনায়ক রানাতুঙ্গাকে সভাপতি করে অন্তর্বর্তীকালীন কমিটি নিয়োগ দেওয়া হয়। তিনি ছাড়াও কমিটিতে ছিলেন আরও ছয়জন– শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক সভাপতি উপালি ধর্মদাসা, আইনজীবী রাকিতা রাজাপক্ষে, অবসরপ্রাপ্ত বিচারক এস আই ইমাম, ইরাঙ্গানি পেরেরা ও রোহিনী মারাসিংহে, ব্যবসায়ী হিশাম জামালদিন।