প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩ ২০:১৬ পিএম
আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারিন। গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি এ কথা জানান।
ইনস্টাগ্রামে নারিন লেখেন, ‘দীর্ঘদিন ধরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলেছি। কিন্তু আজ (সোমবার) আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছি। আমি খুব অল্প কথার মানুষ। এমন কিছু মানুষ আছেন যারা ক্যারিয়ারজুড়ে সমর্থন জুগিয়েছেন এবং ওয়েস্ট ইন্ডিজের হয়ে প্রতিনিধিত্ব করার সময় সাহায্য করেছেন। তাদের প্রতি কৃতজ্ঞ।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে গেলেও ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা চালিয়ে যাবেন নারিন, ‘এটা আলাদাভাবে বলার প্রয়োজন নেই যে, বিশ্বের বিভিন্ন প্রান্তের ফ্র্যাঞ্চাইজিতে যেমন খেলি, সেরকমই খেলে যাব।’
২০১১ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় নারিনের। তিন ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ১২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন। এর মধ্যে ৬টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৫১টি টি-টোয়েন্টি খেলেন তারকা এই স্পিনার।