প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩ ০২:৩৪ এএম
ফখর জামানে পাকিস্তানের রক্ষা বললেও অত্যুক্তি হবে না। নিউজিল্যান্ডের বিপক্ষে রানপাহাড়ের চূড়ায় চড়তে ধুন্ধুমার ইনিংস প্রয়োজন ছিল বাবর আজমদের। বেঙ্গালুরুতে ছক্কার বৃষ্টি ছড়িয়ে সেই কাজটি সহজ করে দেন ফখর; বৃষ্টি আইনে শেষ পর্যন্ত জিতেও যায় পাকিস্তান।
অথচ সবাই ভেবেছিল পাকিস্তানের বিশ্বকাপ বুঝি শেষ হতে যাচ্ছে। সেই ‘হতে যাচ্ছে’ হটিয়ে সেমির সম্ভাবনা বাড়ানো ফখর প্রশংসায় ভাসছেন, পেয়েছেন আর্থিক পুরস্কারও।
গত শনিবার নিউজিল্যান্ডের বিপক্ষে ৪০০ রানের বোঝা মাথায় নিয়ে নামে পাকিস্তান। রানতাড়ায় শুরুতে উইকেটও হারিয়ে বসে। তারপর থেকেই ফখরের তাণ্ডব। বাংলাদেশের বিপক্ষে ফিরে ফিফটি করা টপ অর্ডার ব্যাটার এদিন আরও বিস্ফোরক, ৮১ বলে ম্যাচ জেতানোর আগ পর্যন্ত আনেন ১২৬ রান।
প্রশংসা তো পাচ্ছেনই, সঙ্গে আছে ১০ লাখ পাকিস্তানি রুপির অর্থ। পিসিবি সভাপতি জাকা আশরাফ নিজেই জানিয়েছেন খুশির এ খবর। হিসাব করলে কিউইদের বিপক্ষে ফখরের প্রতিটি রানের জন্য পড়ছে ৭৯৩৬ পাকিস্তানি রুপি।