প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৩ ০৯:২০ এএম
আপডেট : ০৪ নভেম্বর ২০২৩ ১০:৪৮ এএম
বিশ্বকাপের সেমিফাইনালের লড়াই দারুণ জমে উঠেছে। ৬ পয়েন্ট নিয়ে পাকিস্তান ও ৮ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের আশা সেরা চার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে ঝুঁকিতে টানা চার ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করা ব্ল্যাক ক্যাপসরা। বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত জয়ে স্বপ্ন বুনছেন বাবর আজমরাও। সেমির স্বপ্ন জিইয়ে রাখতে আজ শনিবার বেঙ্গালুরুতে দল দুটি একে অন্যের প্রতিপক্ষ। চোটে জর্জরিত কিউইদের জন্য ম্যাচটি হারের বৃত্ত ভাঙার। পাকিস্তানের জন্য ‘মাস্ট উইন’, একই সঙ্গে যদি-কিন্তুর হিসাব মেলানো।
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ বেলা ১১টায় শুরু হওয়া ম্যাচের আগে অন্য একটা শঙ্কা ঘিরে ধরেছে দুদলকে। এই ম্যাচটি কি আদৌ হবে! আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বেঙ্গালুরুতে বৃষ্টি নামতে পারে। যদি সত্যি হয় তাহলে কপাল পুড়বে পাকিস্তানের। পয়েন্ট ভাগাভাগি হওয়া মানে বাবরদের সেমির স্বপ্ন প্রায় ধূলিসাৎ হয়ে যাওয়া।
পাকিস্তানের যেখানে পয়েন্ট হারানোর ভয়, সেখানে চোট আতঙ্ক নিউজিল্যান্ড শিবিরে। লকি ফার্গুসন, মার্ক চ্যাপম্যান, কেন উইলিয়ামসন এবং সবশেষ ম্যাট হেনরি। তাদের সঙ্গে যোগ হয়েছেন জিমি নিশামও। নিউজিল্যান্ড দলে এদের কেউ আনফিট, কেউ আবার ভুগছেন চোটে। কিউই শিবির যেন ‘ছোটখাটো হাসপাতাল’। সেই হাসপাতালের রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। যে কারণে প্রশ্ন উঠেছে পাকিস্তানের বিপক্ষে ফিট থাকা ১১ জনকে কি নামাতে পারবে নিউজিল্যান্ড? শেষ চারের হিসাব মেলাতে পরিস্থিতি যখন প্রতিটি ম্যাচ বাঁচা-মরার, তখন প্রতিপক্ষের পাশাপাশি চোটের কথাও মাথায় রাখতে হচ্ছে টম লাথামদের।
চোট আতঙ্ক না থাকলেও দলগত পারফরম্যান্সের যে অভাব ছিল তা অনেকটাই কাটিয়ে উঠেছে পাকিস্তান। ফখর জামান একাদশে ফিরেই দায়িত্বশীল ইনিংস খেলেছেন। একই সঙ্গে ক্যারিয়ারের অনবদ্য সব ইনিংস উপহার দিচ্ছেন আবদুল্লাহ শফিক। দলের জয়-পরাজয় যা-ই আসুক ঠিকই পারফর্ম করে যাচ্ছেন পাকিস্তানের এই ব্যাটার। এখন পর্যন্ত তিনটি অর্ধশতক এবং একটি শতকের দেখা পেয়েছেন তিনি। বল হাতে দারুণ সময় পার করছেন শাহিন আফ্রিদিও। ৭ ম্যাচে ১৬ উইকেট তার দখলে। সেরার দৌড়ে আছেন তিন নম্বরে। পাকিস্তানের জন্য চিন্তার বড় বাধার নাম রাচিন রবীন্দ্র। কিউই অলরাউন্ডার নিজের দিনে দুই সেক্টরে সমানতালে জ্বলে ওঠার সক্ষমতা রাখেন।
দলের বেশিরভাগ পারফর্মার চোটে আক্রান্ত। তার প্রভাব পড়ছে খেলাতেও। বিষয়টি ভালোভাবে উপলব্ধি করছেন কিউই অধিনায়ক লাথাম, ‘আমরা মোটেও ভালো পারফর্ম করছি না। ইনজুরির কারণেই দলের এমন ভঙ্গুর দশা। তবে বেঙ্গালুরুতে ঘুরে দাঁড়াব।’ জয়ে ফিরে খোশমেজাজে পাকিস্তান টিম। সেটি ওপেনার ফখর জামানের কথায় স্পষ্ট, ‘এমন ফলাফলের (বাংলাদেশের বিপক্ষে জয়) জন্য আমরা মুখিয়ে ছিলাম। পরের ম্যাচেও একই ধারাবাহিকতা বজায় রাখব। সবাই জয়ের ব্যাপারে আশাবাদী। নিশ্চয় দারুণ কিছু হতে চলেছে।’