প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ নভেম্বর ২০২৩ ১৫:১৭ পিএম
ব্রেন্ডন ম্যাককালাম গত বছর ইংল্যান্ড টেস্ট দলের কোচ হওয়ার পর থেকে বদলে যায় খেলার ধরন। টেস্টেও তারা টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করে সাফল্য পেয়েছে। তাদের এই আগ্রাসী ক্রিকেট খেলার ধরনকে ‘বাজবল’ নামে অভিহিত করা হয়েছে। ম্যাককালামকে বলা হয় ‘বাজ’, সেখান থেকে উৎপত্তি বাজবল। এবার এই শব্দটি অন্তর্ভুক্ত করা হয়েছে কলিন্স ইংলিশ ডিকশনারির এই বছরের সংস্করণে।
বাজবল বাদেও এই ডিকশনারিতে যুক্ত হয়েছে আরও ৯টি নতুন শব্দ। তবে আলোচিত হচ্ছে বাজবল শব্দ নিয়ে, যা বিশেষ্য হিসেবে যুক্ত করা হয়েছে। অর্থ করা হয়েছে, ‘টেস্ট ক্রিকেটের একটি পদ্ধতি, যেখানে ব্যাটিং দল প্রবল আক্রমণাত্মক খেলে ফল পাওয়ার চেষ্টা করে।’
এ শব্দের উৎপত্তির জায়গায় লেখা হয়েছে, ‘সি২১: ব্রেন্ডন ম্যাককালামের (নামের) অনুসারে, যিনি বাজ নামে পরিচিত (জন্ম ১৯৮১), নিউজিল্যান্ড ক্রিকেটার এবং কোচ।’ এরই মধ্যে কলিন্স ডিকশনারির অনলাইন সংস্করণে ‘বাজবল’ শব্দটি যুক্ত করা হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় ছাপানো ইংরেজি অভিধানের পরের সংস্করণেও জায়গা পাবে এটি।
যদিও এ নাম ঠিক পছন্দ নয় নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের, ‘বাজবল কী, তা নিয়ে আমার কোনো ধারণাই নেই। মানুষ এমন যে ফালতু নাম দিচ্ছে, সেটি ঠিক আমার পছন্দ নয়।’
বাজবলের অভিধানে যুক্ত হওয়া নিয়ে মত জানতে চাওয়া হয়েছিল অস্ট্রেলীয় ব্যাটসম্যান মারনাস লাবুশেনের কাছে। ক্রিকেটডটকমডটএইউয়ের এক ভিডিওতে তিনি বলেন, ‘এটা কী? কী হয়েছে?’ এতে তিনি অবাক হয়েছেন কি না, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জানি না আসলে কী এটা। ফালতু ব্যাপার।’