প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩ ২৩:৫৫ পিএম
ইডেন গার্ডেনসে আনপ্লেএবল ছিলেন শাহিন আফ্রিদি— পাকিস্তানি পেসারের স্তুতিতে এমন বিশেষণ যোগ করে দিলে বেশি কিছু বলা হবে না। ৯ ওভারে ১ মেডেনে খরচ মাত্র ২৩ রান। ফেরত পাঠিয়েছেন বাংলাদেশের তিন টপ অর্ডার ব্যাটারকে। কিন্তু এতে সেঞ্চুরিটা হলো কিসে?
শাহিন মূলত শতক হাঁকিয়েছেন উইকেটের সংখ্যায়। ওয়ানডে ইতিহাসে শত উইকেট নেওয়া বোলারদের তালিকাটাও বেশ লম্বা। কিন্তু শাহিন সেখানে আলাদা। পাকিস্তানি পেসার বনে গেছেন দ্রুততম শত উইকেট নেওয়ার মালিকে।
ইনিংসের বিচারে তিনি পেছনে ফেলেছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ককে। তাও এক ইনিংসের ব্যবধানে। ৫২ ম্যাচে শত উইকেট নিয়েছিলেন স্টার্ক। শাহিনের সেখানে লেগেছে ৫১ ইনিংস। তালিকায় চার নম্বরে ৫৪ ইনিংসে শত উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন মুস্তাফিজুর রহমান।
মঙ্গলবার বাংলাদেশের ইনিংস ধসিয়ে দেওয়া শাহিন অবশ্য আরেকটি জায়গায় স্টার্কের পেছনেই থাকছেন। সেটাও সেঞ্চুরির রেকর্ডকেন্দ্রিক। বলের হিসাবে উইকেটের সেঞ্চুরি করাদের তালিকায় শীর্ষে আছেন আরও তিনজন। শাহিনের অবস্থান চার নম্বরে।