শক্তিশালী মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ড্র (২-২) করে স্বাধীনতা কাপে যাত্রা শুরু বাংলাদেশ সেনাবাহিনীর। মঙ্গলবার ফের আরেকবার নিজেদের প্রমাণের চেষ্টা করেন গোলাম রাব্বানী ছোটনের শিষ্যরা।
ফর্টিজ এফসির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে গোলশূন্য ড্র করেন তারা। চট্টগ্রাম আবাহনী ও বাংলাদেশ নৌবাহিনীর ম্যাচটিও ড্র (১-১) হয়েছে।
কিংস অ্যারেনায় দিনের প্রথম ম্যাচে ফর্টিজের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হয় বাংলাদেশ সেনাবাহিনীর। উত্তাপ ছড়ানো ম্যাচটিতে দুপক্ষেরই সুযোগ এসেছিল বল জালে জড়ানোর।
কিন্তু দুর্ভেদ্য রক্ষণভাগের কারণে পয়েন্ট ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হয় সেনাবাহিনী-ফর্টিজকে। টানা দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে কোয়ার্টারের পথে সেনাবাহিনী।
কিংস অ্যারেনায় ‘ডি’ গ্রুপের ম্যাচে চট্টগ্রাম আবাহনী ও বাংলাদেশ নৌবাহিনীর ম্যাচটি ড্র হওয়াতে আখেরে লাভ হয় বসুন্ধরা কিংসের।
নৌবাহিনীকে ১-০ গোলে হারিয়ে প্রতিযোগিতা শুরু করেছিল কিংস। ওই এক জয়েই তিন দলের এই গ্রুপ থেকে ৩ পয়েন্ট নিয়ে সেরা আটে উঠেছে শিরোপাধারীরা।