প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩ ২০:৪০ পিএম
বিশ্বকাপে ইংল্যান্ডের ভরাডুবি নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। কারও দাবি ‘বাজবল’ নামে পরিচিত আক্রমণাত্মক ক্রিকেটের কারণেই তাদের এমন পরিণতি। কেউ দেখছেন দলে ফাটল। পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতারও মনে করেন, পরিকল্পনাহীন ক্রিকেট খেলার কারণেই শেষ দেখেছে ইংলিশরা। পাকিস্তানি লিজেন্ডের মতে, জস বাটলাররা ৫০ ওভারের ম্যাচ খেলতে নেমে টি-টোয়েন্টি খেলার চেষ্টা করছে।
বেন স্টোকসের নেতৃত্বে টেস্টে ‘বাজবল’ বেশ সফলতা পেয়েছে, সেটি ৫০ ওভার ক্রিকেটে বেমানান বলে মনে করেন শোয়েব। তিনি তার এক্স হ্যান্ডলারের ভিডিওতে বলেন, ‘ভারতের কাছে খুব বাজেভাবে হেরেছে ইংল্যান্ড। কারণ, ওয়ানডের মধ্যে টি-টোয়েন্টি ঢোকাতে চেয়েছে তারা। কে ইনিংস গঠন করবে, কে বলপ্রতি রান নেবে আর কে মেরে খেলবেÑ এসব নিয়ে কোনো পরিকল্পনাই ছিল না।’
৬ ম্যাচের ৫ হারে বাটলারদের অবস্থান এখন ১০ দলের মধ্যে ১০ নম্বরে। কাগজে-কলমে ক্ষীণ সম্ভাবনা থাকলেও ইংল্যান্ডের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা কার্যত শেষ। ক্যাপশনে ‘এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় চমক ইংল্যান্ড, যেভাবে চেয়েছে সেভাবে পারেনি’ লেখা ভিডিওটিতে এক দিনের ক্রিকেটে টি-টোয়েন্টি বা টেস্টের বাজবল মানায় না বলে ধারণা শোয়েবের, ‘ইংল্যান্ড বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছে, আমার খুব খারাপ লাগছে। বাজবল টেস্টে ঠিক আছে, কিন্তু ওয়ানডে ক্রিকেট ওয়ানডের মতোই খেলতে হবে।’