× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আবাহনীর জয়ের দিনে শেখ জামালের গোল উৎসব

স্বাধীনতা কাপ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৩ ২৩:১৪ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৩ ২১:০২ পিএম

আবাহনীর জয়ের দিনে শেখ জামালের গোল উৎসব

আক্রমণ-প্রতি আক্রমণে ম্যাচ জমে উঠেছিল। বারবার আক্রমণ করেও রহমতগঞ্জের দুর্ভেদ্য রক্ষণে চিড় ধরাতে পারছিল না স্টুয়ার্ট কর্নেলিয়াসের শিষ্যরা। অবশেষে স্পট কিকে ডেডলক খোলে। পরে ব্যবধানও হলো দ্বিগুণ। দাপুটে জয়ে স্বাধীনতা কাপে শক্ত অবস্থানে আকাশি-নীল জার্সিধারীরা। একই দিন গোল উৎসব করে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ব্রাজিলিয়ান তারকা হিগর লেইতের জোড়া গোলে শেষ আটে উঠেছে দলটি । টুর্নামেন্টে নিজেদের টিকিয়ে রাখার লড়াইয়ে দীপক রায়ের একমাত্র গোলে হাফ ছেড়ে বাঁচল রাসেল ক্রীড়া চক্র।

গতকাল সোমবার বসুন্ধরা কিংস অ্যারেনায় ‘বি’ গ্রুপের ম্যাচে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ২-০ গোলে পরাজিত করে শেষ আট নিশ্চিত করে আবাহনী। স্টুয়ার্ট কর্নেলিয়াসের পরে দলের ব্যবধান দ্বিগুণ করেন জোনাথন ফের্নান্দেস। বাংলাদেশ বিমানবাহিনীকে একই ব্যবধানে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে দলটি। টানা দুই জয়ে ৬ পয়েন্ট তাদের।

এদিন শুরু থেকে গোছালো ও রক্ষণাত্মক ফুটবল শুরু করে রহমতগঞ্জ। প্রাণপণ চেষ্টা করেও তাদের দুর্ভেদ্য দেয়ালে ফাটল ধরাতে পারছিল না আকাশি-নীল জার্সিধারীরা। ফলে বিরতির আগে মেলেনি গোলের দেখা। তবে দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে স্পট কিক থেকে ম্যাচের ডেডলক খোলেন স্টুয়ার্ট। বক্সে এই ফরোয়ার্ডকেই গোলরক্ষক নাঈম শেখ ফাউল করেন বসেন। এরপর ৮৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। তখনই আবাহনীর জয় নিশ্চিত হয়ে যায়।

কিংস অ্যারেনায় দিনের আরেক ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাদার্সকে। ব্রাজিলিয়ান হিগর লেইতের করেন জোড়া গোল। ১১ ও ৩৬ মিনিটে এই মিডফিল্ডার দুটি গোল করে দলকে প্রথমার্ধে এগিয়ে নেন। বিরতির পর কলম্বিয়ার ব্লাদিমির দিয়াজ ৫৯ ও সাজ্জাদ ৭৩ মিনিটে একটি করে গোল করে দলকে বড় ব্যবধানে জিততে সহায়তা করেন। ব্রাদার্সের টানা হারে এ গ্রুপ থেকে পুলিশ এফসি ও শেখ জামাল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

২০২১ সালে প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হওয়া ব্রাদার্স শীর্ষ পর্যায়ে ফিরেছিল স্বাধীনতা কাপ দিয়ে। কিন্তু ফেরাটা সুখকর হলো না গোপীবাগের দলটির। টানা দুই হারে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছে তারা।

‘বি’ গ্রুপের ম্যাচে মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দীপক রায়ের একমাত্র গোলে বাংলাদেশ বিমানবাহিনীর বিপক্ষে জিতেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। ৪ পয়েন্ট নিয়ে সেরা আটের আশা বাঁচিয়ে রাখে তারা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা