প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৩ ২১:৩০ পিএম
বিশ্বকাপের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেলেন রাচিন রবীন্দ্র। আসরের উদ্বোধনী দিনে প্রথম ম্যাজিক ফিগার স্পর্শ করেন ২৩ বর্ষী এ ব্যাটার। গতকাল শনিবার আরেকবার জ্বলে ওঠে তার ব্যাট। অস্ট্রেলিয়ার সঙ্গে রাচিনের দ্বিতীয় শতকটি রাঙাল বেশ কয়েকটি রেকর্ড।
ধর্মশালায় সেঞ্চুরির দেখা পেতে রাচিন খেলেন ৭৭ বল, যা বিশ্বকাপে কিউই ব্যাটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম। এর আগে ইংলিশদের বিপক্ষে তার ব্যাটেই দ্রুততম সেঞ্চুরি পায় নিউজিল্যান্ড। সেদিন তরুণ এই ওপেনার শতক পূর্ণ করতে খেলেন ৮২ বল। শনিবার সেটিকেও ছাড়িয়ে যান।
বিশ্বকাপে রাচিনের এই সেঞ্চুরি আসে দ্বিতীয় সর্বনিম্ন বয়সে। এদিন তার বয়স ছিল ২৩ বছর ২৪৪ দিন। সবচেয়ে কম বয়সে বিশ্বকাপে দ্বিতীয় সেঞ্চুরি ছিল কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। তখন তার বয়স ছিল ২২ বছর ৩১৩ দিন।
নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ দুটি করে সেঞ্চুরি করেছেন চার ব্যাটার। সেই তালিকায় নতুন নাম রাচিন রবীন্দ্র।