প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩ ২২:১৮ পিএম
আপডেট : ২৬ অক্টোবর ২০২৩ ২২:২৯ পিএম
বিশ্বকাপে এখন পর্যন্ত শতভাগ জয় ভারতের। টানা সাফল্যে পয়েন্ট টেবিলের শীর্ষে রোহিত শর্মারা। পাঁচ জয়ে সেমিফাইনালের পথ অনেকটা সুগম করে রেখেছে স্কাই ব্লুরা। রোহিতদের এমন পারফরম্যান্সে মুগ্ধ পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার।
আসরে নিয়মিত রানের দেখা পাচ্ছেন বিরাট কোহলি। বাংলাদেশের বিপক্ষে চাপের মধ্যে সেঞ্চুরি হাঁকান। সবশেষ ম্যাচেও সেঞ্চুরির কাছে গিয়ে থামেন। এ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেন, ‘কোহলি এমন একজন ব্যাটার যে চাপের মধ্যে ভালো করে। ওর কাছে চাপ মানে শতকের সুযোগ, দলকে জেতানোর সুযোগ। এরপর ইনস্টাগ্রামে অনুসারীদের প্রশংসায় ভাসা। আসলে এসব ওর প্রাপ্য।’
নিউজিল্যান্ডের বিপক্ষে ২০২৩ বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচটি খেলেন মোহাম্মদ শামি। একাদশে সুযোগ পেয়েই অনন্য পারফরম্যান্সে ম্যাচসেরা হন। ৫৪ রান খরচায় নেন ৫ উইকেট। শামিকে নিয়ে শোয়েব বলেন, ‘সে একটু বেশি রান দিয়ে ফেলেছে। কিন্তু ৫ উইকেট নিয়েছে মানে সব ঠিক আছে।’
উড়ন্ত ভারতকে এ আসরে ট্রফির যোগ্য মনে করেন শোয়েব, ভারতের বিশ্বকাপ না জেতার কোনো কারণ দেখি না। আসরে তারা ট্রফির যোগ্য দাবিদার।