প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩ ২০:৩৯ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৩ ২০:৫০ পিএম
বিশ্বকাপের মাঝেই জীবনের ইতি ঘটে ভারতের ক্রিকেট কিংবদন্তি স্পিনার বিষেন সিং বেদির। মঙ্গলবার (২৪ অক্টোবর) চোখের জলে তাকে চিরবিদায় জানানো হয়। এদিন বেদির শেষকৃত্যে অংশ হয়ে চোখের জল ধরে রাখতে পারেননি দেশটির ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কপিল দেব।
‘সর্দার অব স্পিন’খ্যাত বেদিকে শেষ বিদায় জানাতে এদিন হাজির হয়েছিলেন বীরেন্দর শেবাগ, আশিষ নেহরা, অজয় জাদেজা, মুরালি কার্তিক, কীর্তি আজাদ, মদন লালের মতো রথী-মহারথীরা। এ সময় কান্নায় ভেঙে পড়েন কপিল দেব। উপস্থিত ছিলেন মনসুর আলি খান পতৌদির স্ত্রী তথা অভিনেত্রী শর্মিলা ঠাকুরও। বেদিপুত্র অঙ্গদের প্রতি সহানুভূতি জানান তিনি। চোখের জল বাঁধ মানেনি অঙ্গদের স্ত্রী নেহা ধুপিয়ারও।
১৯৬৭ থেকে ১৯৭৯ সালের মধ্যে ভারতের হয়ে ৬৭ টেস্ট ম্যাচ খেলে ২৬৬ উইকেট নিয়েছিলেন বেদি। ভারতের স্পিন উত্থানে বড় ভূমিকা ছিল তার। এরাপল্লি প্রসন্ন ও বি চন্দ্রশেখরের সঙ্গে মিলে এক শক্তিশালী স্পিন বিভাগ তৈরি করেছিলেন তিনি।
বেশ কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন বেদি। ২০২১ সালের দিকে তার হৃদযন্ত্রে বাইপাস অস্ত্রোপচার হয়েছিল। এরপর থেকে বাড়িতেই থাকতেন। অবশেষে সোমবার পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি।