× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাকিস্তানকে হারাল বাংলাদেশ

নাহিদার ঘূর্ণির পর জ্যোতির ব্যাটে বড় জয়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৩ ২০:৩৫ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩ ২০:৪৬ পিএম

ক্যারিয়ারসেরা বোলিং করে পাকিস্তানকে ধসিয়ে দিয়েছেন নাহিদা, হয়েছেন ম্যাচের সেরাও— বিসিবি টুইটার

ক্যারিয়ারসেরা বোলিং করে পাকিস্তানকে ধসিয়ে দিয়েছেন নাহিদা, হয়েছেন ম্যাচের সেরাও— বিসিবি টুইটার

অর্ধেক কাজ বোলিংয়ে সেরে রেখেছিলেন নাহিদা আক্তার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বোলিংয়ে নিজের সেরা দিনটিও আনেন। তাতেই অল্পতে বাধা পড়ে পাকিস্তানের মেয়েরা। ৮৩ রানের লক্ষ্য যদিও একটা সময় বাংলাদেশের ব্যাটারদের কাছে খুব বড় কিছুই মনে হচ্ছিল। শেষ পর্যন্ত বাউন্ডারি খরায় ভুগতে থাকা দলের ত্রাতা হন নিগার সুলতানা জ্যোতি। নাহিদার ঘূর্ণির পর অধিনায়কের ব্যাটে চড়েই আসে পাঁচ উইকেটের বড় জয়।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের স্পিনে নাকানি-চুবানি খাওয়া পাকিস্তান বুধবার (২৫ অক্টোবর) বোলিংয়ে কিছুটা আশা দেখিয়েছিল। রানের চাকা সচল রাখতে ব্যর্থ হওয়া টাইগ্রেসদের শুরুতে পথ দেখিয়েছিলেন মুর্শিদা খাতুন। পরে নাশ্রা সিংধুদের আঁটসাঁট বোলিংয়ে আসা জয়ের ক্ষীণ আশাতে গুড়েবালি ঢালেন জ্যোতি। বাংলাদেশ তাতেই পায় দেশের মাটিতে প্রথমবার পাকিস্তানের মেয়েদের হারানোর স্বাদ।

চট্টগ্রামের ছোট ফরম্যাটের ম্যাচটিতে মোটাদাগে ফেবারিট ছিল বাংলাদেশের মেয়েরা। আগের দিন অধিনায়কও তেমনটি শুনিয়েছিলেন। পরে সেটি মাঠে বাস্তব করেছেন নাহিদা। কেনিয়ার বিপক্ষে কুয়ালামপুরে পাঁচ উইকেট পেতে খরচ করেছিলেন ১২ রান। বুধবার সেটি কমিয়ে এনেছেন আরও চার রান। পাকিস্তানের পাঁচ ব্যাটারকে ফেরাতে অভিজ্ঞ বাঁহাতি স্পিনার খরচ করেন আট রান। মাজা ভেঙে দেওয়া পাকিস্তানও ঘুরে দাঁড়াতে পারেনি।

নাহিদার সেরা বোলিং পারফরম্যান্সের দিনে বিসমাহ মারুফ এনেছেন সর্বোচ্চ ২০ রান। পাকিস্তানের হয়ে বাকিদের তিনজন ছুঁয়েছেন দুই অঙ্ক।

ছোট লক্ষ্যে যদিও সহজ জয় পায়নি বাংলাদেশ। কাঠখড় পোহাতে হয়েছে, জয় পেতে অপেক্ষা করতে হয়েছে ইনিংসের শেষ ওভারের তৃতীয় বল পর্যন্ত। ৪০ বলে ২৩ রান করা ওপেনার মুর্দিশার পর জ্যোতি খেলেন ২৮ বলে ২৬ রানের দাপুটে ইনিংস। বাকিদের কেউই পাল্লা দিতে পারেননি রানের সঙ্গে। মাঝে তাই হারের শঙ্কাও উঁকি দিয়েছিল!

তিন ম্যাচের ছোট ফরম্যাটের সিরিজের দ্বিতীয়টিতে ২৭ অক্টোবর চট্টগ্রামেই মুখোমুখি হবে দুদল। পাকিস্তানের মেয়েদের কাছে সেটি সিরিজ বাঁচানোর লড়াই বটে!

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা