প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৩ ১৯:২৮ পিএম
এ যেন মড়ার উপর খাঁড়ার ঘা। একে তো দলের দুর্দিন, তার ওপর রিস টপলির ইনজুরি। আঙুলের চোটের কারণে নির্ভরযোগ্য এ পেসার বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন। তার বদলি হিসেবে ইংলিশ স্কোয়াডে যুক্ত হয়েছেন ব্রাইডন কার্স। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সংস্থাটি জানিয়েছে, এই পরিবর্তনের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে বিশ্বকাপের ইভেন্ট টেকনিক্যাল কমিটি।
বিশ্বকাপে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন টপলি। আসরে এখন পর্যন্ত ৮ উইকেট তার দখলে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজের নবম ওভারে পঞ্চম বল করতেই বাঁ-হাতের তর্জনীতে আঘাত পান টপলি। এরপর মাঠ ছেড়ে উঠে যান। সেই সঙ্গে শেষ হয়ে যায় বিশ্বকাপও।
টপলির বদলি হিসেবে দলের সঙ্গে ভারতে থাকা জোফরা আর্চারের নাম ঘোষণার সম্ভাবনা থাকলেও ইংল্যান্ডের কোচ ম্যাথু মট তা আগেই উড়িয়ে দিয়েছেন। টপলির পরিবর্তে সুযোগ পাওয়া ডানহাতি পেস বোলিং অলরাউন্ডার ব্রাইডন ইংল্যান্ডের হয়ে ১২টি ওয়ানডে খেলেছেন।