প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩ ১১:১৫ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৩ ১১:২৩ এএম
জুড বেলিংহাম
চলতি মৌসুমের শুরুতেই জার্মানি ছেড়ে স্পেনে পাড়ি জমান জুড বেলিংহাম। ১০৩ মিলিয়ন ইউরোতে বুরুশিয়া ডর্টমুন্ড থেকে তাকে দলে ভেড়ায় রিয়াল মাদ্রিদ। তাকে বড় অঙ্কের টাকায় কেনা ফলপ্রসূই হয়েছে স্প্যানিশ জায়ান্টদের জন্য। করিম বেনজেমার শূন্যস্থান ভালোই সামলাচ্ছেন ইংলিশ তারকা। ১০ ম্যাচে ১০ গোল করে টানা দ্বিতীয়বার মাসসেরা ফুটবলার হয়েছেন বেলিংহাম। পুরস্কার পাওয়ার পর রিয়াল মাদ্রিদের ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
স্প্যানিশ জায়ান্টদের হয়ে তার প্রথম ১০ ম্যাচে তিনটি অ্যাসিস্টও করেছেন। পুরস্কার পাওয়ার পর বলেন, ‘আমার পারফরম্যান্সের ওপর মাদ্রিদভক্তদের প্রভাব রয়েছে। ভক্তদের সঙ্গে আমার সম্পর্কটা খুব বিশেষ। তাদের জন্য খেলাটা আনন্দের। আমি খেলা এবং গোলগুলো উপভোগ করি। ভক্তদের উল্লাস আমাকে প্রচুর শক্তি দেয়। সম্ভবত এ কারণেই আমি ভালো শুরু পেয়েছি। আশা করি আমরা একসঙ্গে ভালো স্মৃতি তৈরি করতে থাকব।’
বেলিংহাম আরও বলেন, ‘সান্তিয়াগো বার্নাব্যুতে খেলাটা আমি উপভোগ করছি। এটিকে বলা যায় স্বপ্ন সত্যি হওয়ার মতো। এখানে খেলা আমার কল্পনার চেয়েও ভালো। আমি প্রশিক্ষণ সেশন এবং ম্যাচগুলোয় প্রতিটি মুহূর্ত উপভোগ করছি এবং আমি আশা করি এটি এমনই থাকবে।’
আগামীকাল শনিবার লা লিগায় সেভিয়ার বিপক্ষে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। দুর্দান্ত ছন্দে থাকা বেলিংহামকেও দেখা যাবে দলটির শুরুর একাদশে। স্প্যানিশ লা লিগায় নয় ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আছে ৩-এ। নয় ম্যাচে কাতালানদের সংগ্রহ ২১ পয়েন্ট। ২২ পয়েন্ট নিয়ে ২-এ জিওনা।