প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৩ ২১:৫২ পিএম
আপডেট : ১৯ অক্টোবর ২০২৩ ২১:৫৩ পিএম
বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে যে হাইপ উঠেছিল তাতে পানি ঢেলে দেন বাবর আজমরা। চিরপ্রতিদ্বন্দ্বীদের সামনে দাঁড়াতেই পারেননি তারা, যে কারণে সমালোচনার মুখে পড়েছেন।
পাকিস্তানের ব্যর্থতা নিয়ে কেউ অধিনায়ক বদলাতে বলছেন তো, কারও চাওয়া একাদশে পরিবর্তন আসুক। সেই ধারাবাহিকতায় পরের ম্যাচে (অস্ট্রেলিয়া) টস জিতলে কী করা উচিত সে পরামর্শও দিয়েছেন দলটির সাবেক অধিনায়ক রমিজ রাজা।
স্থানীয় এক টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপকালে রমিজ বলেন, ‘আমার মনে হয় পাকিস্তানের উচিত রান তাড়া করা। ব্যাটিংসহায়ক উইকেটে ভারতের বিপক্ষে আগে ব্যাট করে ২০০ রানও করতে পারেনি পাকিস্তান। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের উচিত রান তাড়ার ব্যাপারে চিন্তা করা।’
পাকিস্তান আজ বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। বেঙ্গালুরুর উইকেট সাধারণত ব্যাটিংসহায়ক হয়ে থাকে। যে কারণে একজন অলরাউন্ডার বাদ দিয়ে বাড়তি বোলার খেলানোর পরামর্শও দিয়েছেন পিসিবির সাবেক এই সভাপতি, ‘এখানকার কন্ডিশন ব্যাটিংসহায়ক হবে। যে কারণে পাকিস্তানের উচিত উইকেটের কথা মাথায় রেখে বোলিংয়ে শক্তি বাড়ানো। বিশেষায়িত বোলার খেলানোর জন্য যদি অলরাউন্ডার বাদ দেওয়া লাগে তবে সেটাই করা উচিত।’