× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাটিং অর্ডারে আস্থার সংকট!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩ ১১:১১ এএম

ব্যাটিং অর্ডারে আস্থার সংকট!

ক্রিকেট মহাযজ্ঞ মানেই সেয়ানে-সেয়ানে লড়াই। বৈশ্বিক আসর মানেই সেরা অস্ত্রের প্রদর্শনী। বিশ্বকাপ মানেই অভিজ্ঞতা-তারুণ্যের মিশেলে গড়া সেরা দল নিয়ে প্রতিপক্ষকে প্রতিহত করার সবরকম চেষ্টা চালানো। সবাই সেই কাজটাই করে যাচ্ছে। আর বাংলাদেশ হাঁটছে উল্টো পথে।

দেশের ক্রিকেট নিয়ে এখনও পরীক্ষা-নিরীক্ষা চলছেই। বিশেষ করে ব্যাটিং অর্ডার নিয়ে। এ যেন থামার নাম নেই। যে পরীক্ষা সবাই চালায় বিশ্বকাপে ওয়ার্মআপ ম্যাচে। আর বহুজাতিক টুর্নামেন্ট শুরুর আগে প্রস্তুতিমূলক সিরিজে। কিন্তু লাল-সবুজ প্রতিনিধিরা সেই পরীক্ষা চালাচ্ছে বিশ্বকাপের মূল লড়াইয়ে এসে।

বিশ্বকাপে থাকার কথা প্রায় অপরিবর্তিত ব্যাটিং লাইনআপ। যে যার পছন্দের জায়গায় ব্যাট করবেন। স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারলেই তো ব্যাটাররা উপহার দিতে পারবেন সেরা পারফরম্যান্স। নিজেকে মেলে ধরতে পারবেন। জ্বলে উঠতে পারবেন দলের প্রয়োজনে, যেকোনো পরিস্থিতিতে। বিশ্বকাপের আগেই ব্যাটারদের নেওয়া উচিত বিশেষ প্রস্তুতি। কারণ আইসিসির ফ্ল্যাগশিপ টুর্নামেন্টে একজন ব্যাটারকে বিভিন্ন দলের বিভিন্ন বোলারকে মোকাবিলা করতে হবে। এটাই তো স্বাভাবিক। নেট সেশন থেকে শুরু করে ওয়ার্মআপ ম্যাচ বা প্রস্তুতিমূলক সিরিজ সর্বত্র বিচিত্র সব বোলিং আক্রমণের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিতে হয়। ম্যাচ সিনারিও মাঠের অনুশীলনে বিশেষ কোনো বোলারকে নিয়ে করতে হয় বাড়তি কাজও। সেখানেই কাটিয়ে ফেলতে হয় ব্যাটারদের সব দুর্বলতা। বাংলাদেশের ব্যাটাররা তার কতটুকু করেছে? এই প্রশ্ন উঠতেই পারে। উত্তরটা মিলছে তাদের বাজে ব্যাটিংয়েই। কিন্তু তাদের সেমিতে খেলার স্বপ্ন দেখা থেমে নেই। সেই স্বপ্নের কথা শুনিয়েছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে নিজেই। কিন্তু কাজের কাজ কী হচ্ছে? সেই প্রশ্ন এখন ক্রিকেটপ্রেমীদের।

দেশের অনেকে ব্যাটারেরই নেই কোনো বিশেষ ব্যাটিং প্ল্যান। যেখানে যাদের আলাদা রণকৌশলই নেই, সেখানে তাদের ব্যাটিং পজিশন পাল্টে নেওয়া হচ্ছে পরীক্ষা। যার ফল দলের টানা বাজে ব্যাটিং। এ কারণেই ব্যাটিং পজিশন পরিবর্তন নিয়েই উঠছে প্রশ্ন। সাবেক ক্রিকেটার, ক্রিকেট বিশ্লেষক থেকে ক্রিকেট অনুরাগীরা এ নিয়ে এখন বেশ সরব। ব্যাপারটা ঠিক মানতেই পারছেন না তারা। সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে টিম ম্যানেজমেন্টকে কাঠগড়ায় তুলছেন সবাই। প্রশ্ন উঠেছে কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর ক্যাপ্টেন সাকিব আল হাসানের ব্যাটিং পজিশন পাল্টানোর পরিকল্পনা নিয়ে।

তরুণ তুর্কি তাওহিদ হৃদয় চার নম্বরে ব্যাটিং করতে অভ্যস্ত। শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে তাকে খেলানো হয়েছে তার পুরোনো জায়গায়। মানে চারে। পরে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ার্মআপে তরুণ এ ব্যাটারকে খেলানো হয়েছে সাত নম্বরে। বিশ্বকাপের মূল আসরে আফগানদের বিপক্ষে জয়ের ম্যাচে অবশ্য ব্যাটিংয়ের সুযোগ পাননি তাওহিদ। তবে তার পজিশন ছিল সাত নম্বরেই। ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ম্যাচেও ব্যাট করলেন সাতে। আফগানদের বিপক্ষে মেহেদি হাসান মিরাজ খেললেন ওয়ানডাউনে। ইংল্যান্ড ম্যাচে তার ব্যাটিং পজিশন চলে যায় পাঁচে। কিউইদের বিপক্ষে তারকা এ অলরাউন্ডারকে নিয়ে আসা হয় ফের তিনে। যেন ব্যাটিং পজিশন বদলের খেলায় মেতে উঠেছে টিম ম্যানেজমেন্ট। কিছুতেই থামছে না তাদের রদবদল। সেটা করে যদি সাফল্য আসত, তাহলে একটা কথা থাকত। কিন্তু যেখানে ব্যর্থতার গল্প লিখে যাচ্ছেন ব্যাটাররা, সেখানে টিম ম্যানেজমেন্ট ব্যাটিং পরিবর্তন করেই যাচ্ছে। যার ফল তো অশ্বডিম্ব ছাড়া আর কিছুই না!

তাই তো সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ব্যাটিং অর্ডার পরিবর্তনটা ঠিক মানতে পারছেন না, ‘ম্যানেজমেন্টের উচিত সাকিবকে তিনে নিয়ে আসা। শান্তকে ওপেনিংয়ে আনা লিটনের সঙ্গে। চারে হৃদয়, পাঁচে মুশফিক, ছয়ে রিয়াদ, সাতে হয়তো মিরাজ।’

ভালো ব্যাটিংয়ের জন্য দরকার স্থিতিশীল ব্যাটিং লাইনআপ। বিশ্বকাপে যেটা আরও বেশি জরুরি বলেই মনে করছেন ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদীন ফাহিমÑ ‘যত বেশি ওপর-নিচ করা হবে, তত বেশি খেলোয়াড়দের মধ্যে দ্বিধা তৈরি হবে। এটা ইঙ্গিত করে যে, কারও ওপর হয়তো আস্থা নেই। আবার কারও ওপর আস্থার মাত্রাটা বেশিÑ এই বিষয়গুলোই ইঙ্গিত করে। আমরা পূর্ণ প্রস্তুতি থাকা দল নিয়ে আসিনি, যার কারণে এখন পর্যন্ত পরীক্ষা-নিরীক্ষাগুলো দেখছি।’

বিশ্বকাপের তিন ম্যাচে টাইগারদের টপ অর্ডার ছিল তিন ধরনের। স্বাভাবিকভাবে প্রশ্নের মুখোমুখি টিম ম্যানেজমেন্টের রণকৌশল। কিন্তু কেন? নিউজিল্যান্ড ম্যাচে হারের পর সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত সেই দায় চাপিয়ে দেন কোচ-অধিনায়কের ওপর, ‘এটা কোচ ও ক্যাপ্টেন বলতে পারবে। আমরা যারা ব্যাটিং করি, সবাই জানি কে কখন ব্যাটিং করবে। এর পেছনে কারণটা কোচ ও ক্যাপ্টেনই বলতে পারবে।’

ব্যাটিং অর্ডার পরিবর্তনের ফল তো মাঠের লড়াইয়ে ফুটে উঠেছে। ইংল্যান্ডের ৩৬৪ রানের বিপরীতে সাকিবরা থেমে যান ২২৭ রানে। আর নিউজিল্যান্ডের কাছে সন্তুষ্ট থাকতে হয় ২৪৫ রানে। সামনে ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচ। স্বাগতিকরা হোম কন্ডিশনে এমনিতেই এগিয়ে। তার ওপর রয়েছে দুর্দান্ত ফর্মে। আফগানদের হারানোর সঙ্গে রোহিত শর্মার দল শক্তিশালী অস্ট্রেলিয়া ও চিরশত্রু পাকিস্তানকে গুঁড়িয়ে এগিয়ে চলছে শিরোপা ছোঁয়ার স্বপ্ন নিয়ে। সেই কোহলি-বুমরাহদের বিপক্ষেও যদি একই কাণ্ড চলে! তাহলে ফল কী হবে? সেই দুশ্চিন্তায় যেন ঘুম হারাম দেশের ক্রিকেট-পাগল জনতার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা