প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৩ ২২:৫৬ পিএম
গুরুতর চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। তার অনুপস্থিতিতে লঙ্কানদের নেতৃত্ব দেবেন কুশল মেন্ডিস।
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় শ্রীলঙ্কা। ম্যাচটিতে ঊরুর মাংসপেশিতে চোট পান শানাকা। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, বিশ্বকাপের বাকি ম্যাচগুলো খেলতে পারবেন না লঙ্কান অলরাউন্ডার।
শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে, বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও জাতীয় দলের সঙ্গেই থাকছেন শানাকা। এসএলসির ব্যবস্থাপক মাহিন্দা হালাংগোডা বলেন, ‘দাসুন শানাকা বিশ্বকাপ থেকে ছিটকে গেলেও আপাতত দলের সঙ্গেই থাকবেন।’
সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মোকাবিলা করবে শ্রীলঙ্কা। ম্যাচটিতে লঙ্কানদের অধিনায়কত্ব করবেন কুশল মেন্ডিস। ২৮ বছর বয়সি এই উইকেটরক্ষক-ব্যাটার কয়েক মাস ধরে সহ-অধিনায়কের দায়িত্বে ছিলেন। আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে অধিনায়কত্বও করেছেন। শানাকা ছিটকে যাওয়ায় তার জায়গায় আরেক অলরাউন্ডার চামিকা করুনারত্নেকে নিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের নির্বাচকরা।