প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩ ২২:৪৫ পিএম
শ্রীলঙ্কার ক্রিকেটার দাশুন শানাকা। ফাইল ছবি
চলমান বিশ্বকাপে খুব একটা সুখকর পরিস্থিতে নেই শ্রীলঙ্কা। পরপর দুই ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের নীচে আছে দলটি। এরই মধ্যে দুঃসংবাদ হয়ে আসে শানাকার চোট। পাকিস্তানের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে পেশিতে চোট পান তিনি। শনিবার (১৪ অক্টোবর) জানা গেল লঙ্কান কাপ্তানের বিশ্বকাপই শেষ হয়ে গেছে। শানাকার পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে ডাকা হয়েছে চামিকা করুণারত্নেকে। আইসিসিও অনুমোদন করেছে সেটা।
বিশ্বকাপ শুরুর আগে ইনজুরিতে পড়েন ওয়ানিন্দু হাসারাঙ্গা। অভিজ্ঞ অলরাউন্ডারকে ছাড়াই বিশ্বকাপ অভিযান শুরু করে লঙ্কানরা। তবে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি দলটি। এর মধ্যেই কিনা শানাকাকে দেশে ফিরে যেতে হচ্ছে। যেটা শ্রীলঙ্কার জন্য বড় ধাক্কা হয়ে এসেছে। জানা গেছে সেরে উঠতে প্রায় তিন সপ্তাহের মতো সময় লাগবে শানাকার।
চামিকার ওয়ানডে অভিজ্ঞা মোটে ২৩ ম্যাচের। পেস বোলিং এই অলরাউন্ডার এখন পর্যন্ত ২৪টি উইকেট পেয়েছেন। বোলিং গড় ২৮.৮৩। আর ব্যাট হাতে ২২ ইনিংসে ২৭.৬৮ গড়ে করেছেন ৪৪৩ রান। ক্যারিয়ারে ফিফটি আছে একটি। সর্বোচ্চ ইনিংসটি ৭৫ রানের।
দুই ম্যাচে ৮০ রান করেছেন শানাকা। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আছে ৬২ বলে ৬৮ রানের ইনিংস। দুই ম্যাচে বল হাতে কোনো সাফল্য পাননি তিনি। মোট ১১ ওভার বল করে ৬৪ রান দিয়েছেন শানাকা।