প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩ ২১:৪৭ পিএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩ ২২:০২ পিএম
আহমেদাবাদে ভারতের বিপক্ষে খেলতে নেমে পাকিস্তানি অধিনায়ক বাবর আজম তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হন। তাকে উদ্দেশ করে দুয়ো দিয়েছেন ভারতীয় সমর্থকরা। বিষয়টি একদমই পছন্দ হয়নি সাবেক ভারতীয় অধিনায়ক গৌতম গম্ভীরের। নিজ দেশের জন্য ভক্তদের সমর্থন ও উন্মাদনাকে স্বাভাবিক চোখে দেখলেও প্রতিপক্ষের কাউকে কটাক্ষ করা তার ভালো লাগেনি। ধারাভাষ্যের সময় বিষয়টি জানাতেও ভুললেন না গম্ভীর।
ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তুমুল উন্মাদনা ছিল আহমেদাবাদে। নিরাপত্তায় ১১ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন ছিল। মুম্বাই থেকে কেবল এই ম্যাচের জন্য চালু করা হয়েছিল দুটি বিশেষ ট্রেন। ম্যাচের অনেক আগেই শহরটির প্রায় আবাসিক হোটেলের সিট বুকিং হয়ে যায়।
চিরপ্রতিদ্বন্দ্বীদের ঘিরে সমর্থকদের ব্যাপক আশা আকাঙ্ক্ষা থাকলেও ম্যাচটি হয়েছে একপেশে। বিশ্বকাপের এবারের আসরেও ভারতের সঙ্গে পেরে ওঠেনি পাকিস্তান। ম্যাচটি ৭ উইকেটে জয় পেয়েছে স্বাগতিকরা।