প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩ ১৫:৪৯ পিএম
নিজেকে দুর্ভাগা ভাবতেই পারেন লিটন দাস। জন্মদিনে যেখানে ব্যাট হাতে প্রতিপক্ষকে কচুকাটা করবেন, রাঙিয়ে দেবেন স্পেশাল দিনটি; সেখানে হতাশার সঙ্গে যুক্ত হয়েছে লজ্জার এক রেকর্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে লিটন ফিরেছেন ইনিংসের প্রথম বলে। বিশ্বকাপে ইনিংসের প্রথম বলে গোল্ডেন ডাক পাওয়া ব্যাটারদের তালিকায় লেখা হয়েছে বাংলাদেশের ওপেনারের নাম।
গতকাল কিউইদের বিপক্ষে ইনিংসের শুরুর বলেই ট্রেন্ড বোল্টকে উড়িয়ে মেরেছিলেন লিটন। তবে সীমানাছাড়া হয়নি বল, ডিপ ফাইন লেগে ম্যাট হেনরির তালুবন্দি হয়ে মাঠ ছাড়তে হয়েছে ২৯ বছর বয়সে পা রাখা লিটনকে। তাতেই শূন্য রানের লজ্জার রেকর্ড!
লিটন অবশ্য একাই নন, বিব্রতকর রেকর্ডটি আছে আরও পাঁচজনের। ষষ্ঠ হিসেবে লিটন নাম লেখানোর আগে সর্বপ্রথম এই তালিকায় নাম ওঠান কিউইদেরই একজন। ১৯৯২ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে জন রাইট গড়েছিলেন ভুলে যাওয়ার মতো কীর্তি। এরপর ভিন্ন সময়ে বিশ্বকাপে আরও চারজন গড়েছেন রেকর্ডটি। অস্বস্তির রেকর্ডটিতে এবারের বিশ্বকাপে যুক্ত হয়েছেন লিটন।