প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩ ০০:৪৬ এএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩ ০০:৪৮ এএম
আশা দেখাচ্ছিলেন লিওনেল মেসি। কিন্তু আর্জেন্টাইন চোটে পড়ায় সব পাল্টে গেল। দুর্দান্ত ছন্দে থাকা ইন্টার মিয়ামি ঘুরপাক খাচ্ছে হারের বৃত্তে। মেসি অবশ্য ফিরেছিলেন।
কিন্তু দলের শেষ সম্ভাবনাটুকুও শেষ হয়ে গেছে রবিবার। সিনসিনাটির কাছে ১-০ গোলের হারে মেজর লিগ সকারের প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেছে মেসির দল।
ইস্টার্ন কনফারেন্সে ৩২ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে তালিকায় ১৪ নম্বরে মিয়ামি। পরের দুই ম্যাচে পুরো ৬ পয়েন্ট পেলেও সেটি প্লে-অফের জন্য পর্যাপ্ত নয়। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ফেরা মেসি দলকে ফেরাতে পারলেন না লিগে।
ডিআরভি পিএনকে স্টেডিয়ামে সিনসিনাটির বিপক্ষে ১-০ গোলে হার নিয়ে মাঠ ছাড়ে টাটা মার্টিনোর দল। ম্যাচের শুরু থেকে মেসি না খেললেও দ্বিতীয়ার্ধে থমাস আভিলেসের বদলি হিসেবে নামেন।
তবে হারের বৃত্ত ভাঙতে পারেননি। উল্টো ৭৮ মিনিটে প্রতিপক্ষের আলভারো বারেলের গোলে পিছিয়ে পড়ে ফ্লোরিডার দলটি। এরপর চেষ্টা করেও ম্যাচে ফিরতে পারেনি মেসিবাহিনী।