প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩ ০০:১৬ এএম
দেখে বোঝার উপায় নেই মঞ্চটা বিশ্বকাপের। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দৃশ্যপট যতটা সামনে এলো, ততই দৃষ্টিকটুভাবে নজরে পড়ল ভারতের ধর্মশালার আউটফিল্ড। তাসকিন বল করছেন। সেই বল ডেলিভারির চেয়ে দৃশ্যত হলো রানআপের সময় আউটফিল্ড থেকে উড়তে থাকা ধুলোবালি।
এ ছাড়া বাংলাদেশের ইনিংসের সময় ফিল্ডিং করতে গিয়ে বড় ইনজুরির হাত থেকে বেঁচে গিয়েছেন মুজিব উর রহমান। বাউন্ডারির প্রান্তে ডাইভ দিতে গিয়ে ঘাসে আটকে যায় তার পা। তাতে বড় একটা বিপদ ঘটতেই পারত। এ নিয়ে বিরক্তি দেখান আফগান কোচ জোনাথন ট্রট।
ম্যাচ হারের পর আফগান কোচ সরাসরিই আঙুল তুলেছেন মাঠের দিকে। ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে ট্রট বলেন, ‘আমরা সারা বিশ্বে ক্রিকেটের বিজ্ঞাপন দেখতে পাই, যেখানে খেলোয়াড়দের তাদের ফিল্ডিং উন্নত করতে শেখানো এবং উৎসাহিত করা হয়। এমন যুগে যদি আপনি খেলোয়াড়দের চোট নিয়ে চিন্তিত হন... আমরা ভাগ্যবান মুজিব হাঁটুতে গুরুতর চোট পাননি।’ তবে বাংলাদেশ ক্যাপ্টেন বলেছেন, জিততে হলে এমন কঠিন আউটফিল্ডে মানিয়ে নিতে হবে।
আগামী মঙ্গলবার এই মাঠেই ইংল্যান্ডের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। শুধু তাই নয়, ধর্মশালায় বাংলাদেশ ছাড়াও নিউজিল্যান্ড দুটি, ভারত ও অস্ট্রেলিয়া একটি করে ম্যাচ খেলবে। তবে স্টেডিয়ামের আউটফিল্ড নিয়ে তুমুল সমালোচনা হচ্ছে। যেখানে ইনজুরিতে পড়ার বেশ শঙ্কার কথাও বলেছেন পিচ পরামর্শদাতারা।
ধর্মশালার এ আউটফিল্ড নিয়ে অবশ্য আগেই উদ্বেগ জানিয়েছিলেন আইসিসির পিচ পরামর্শদাতা অ্যান্ডি অ্যাটকিনসন। হিমাচলের ক্রিকেট কর্তাদের কাছে আউটফিল্ড নিয়ে প্রকাশ্যেই নিজের অসন্তুষ্টি জানিয়েছিলেন তিনি। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বিশ্বকাপের মাঠগুলো পরিদর্শন করতে যখন অ্যাটকিনসন ভারতে আসেন, তখনই তার চোখে পড়েছিল ধর্মশালার আউটফিল্ডের সমস্যা।
আউটফিল্ডের রিপোর্টে দেখা যায়, ধর্মশালার নতুন তৈরি আউটফিল্ডের অধিকাংশ অংশে চতুর্থ পর্যায়ের ছত্রাক সংক্রমণ হয়েছে। ফলে সে সময়ই নষ্ট হয়ে যেতে শুরু করে আউটফিল্ডের ঘাস। এমতাবস্থায় এ রিপোর্ট দেখে অ্যাটকিনসন ধর্মশালার ম্যাচগুলো অন্যত্র সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে সে সময় দেশের সেরা আউটফিল্ড তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন হিমাচল প্রদেশের ক্রিকেট কর্তারা।