প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৩ ১২:১৩ পিএম
১৯৮৩ সালে প্রথমবার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরে ভারত। তথা এশিয়ার কোনো দেশ। এরপর ১৯৯২ ও ৯৬-এ এশিয়ার দ্বিতীয় ও তৃতীয় দেশ হিসেবে বিশ্বকাপ জয়ের স্বাদ পায় পাকিস্তান ও শ্রীলঙ্কা। সর্বশেষ নিজেদের মাটিতে ২০১১ সালে দ্বিতীয়বার ওয়ানডে বিশ্বকাপ জেতে ভারত। এশিয়ানদের চার বিশ্বজয়ের দুবারই ঘরের মাটিতে জেতে।
২০১৫ ও ২০১৯; গত দুই আসরে বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত পৌঁছাতে পারেনি এশিয়ার কোনো দেশ। এবার হোম কন্ডিশন বিবেচনায় এশিয়ানদের ট্রফির দৌড়ে এগিয়ে রাখছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা।
গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে লঙ্কান এই কিংবদন্তি জানান, ক্রিকেটের তিন পাওয়ার হাউস অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড নক আউটের দৌড়ে এগিয়ে থাকবে। এক্ষেত্রে হোম কন্ডিশন বিবেচনায় সুবিধা পাবে ভারত। ভারত সব সময়ই নিজেদের মাঠে হট ফেভারিট। তারা নিজেদের কন্ডিশনে খেলতে ভালোবাসে এবং ভালো বোঝে।