পার্থ রায়
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩ ২৩:০১ পিএম
সকালে ব্রোঞ্জ জয়, বিকালে বিশ্বকাপে শুভসূচনা। সাম্প্রতিক সময়ের নেতিবাচকতার মধ্যে এক পশলা স্বস্তি দেশের ক্রিকেট সমর্থকদের জন্য। একই দিন দুই শহরে দুই জয়ে একটি রেকর্ডও গড়েছে বাংলাদেশ দল। একই দিন ভিন্ন ফরম্যাটে দুই ভিন্ন জায়গায় নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। একদিকে পরীক্ষা দিয়েছে মূল দল, আর অন্যদিকে পাইপলাইনে থাকা ক্রিকেটাররা। শক্তিমত্তায় দল ভিন্ন হলেও দুটোই ছিল আন্তর্জাতিক ম্যাচ। একই দিন একই দলের ভিন্ন দুই জায়গায় ক্রিকেট ম্যাচ খেলার ঘটনা দেখা গেল। এর আগেও অবশ্য একবার এই ঘটনা ঘটেছিল। সেটাও খুব বেশি পুরোনো নয়। মাত্র এক দিন আগের খবর। শুক্রবার পাকিস্তান যখন হায়দরাবাদে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়, তার আগেই চীনের হাংজুতে আফগানদের মুখোমুখি হয়েছিল পাকিস্তানের আরেকটি দল।
শুক্রবার পাকিস্তানের দুই দলের দুই জায়গায় দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার ঘটনার পুনরাবৃত্তি হয়। তাও এক দলের সঙ্গে নয়, ঘটনার পুনরাবৃত্তি হয়েছে দুদলের সঙ্গে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ধর্মশালায় মাঠে নামে বাংলাদেশ ও আফগানিস্তান। এই ম্যাচ শুরুর ঘণ্টা চারেক আগে হাংজুতে ব্রোঞ্জের লড়াইয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ ও পাকিস্তান। সেখানে পাকিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে ব্রোঞ্জ জিতে নেয় বাংলাদেশ। বিশ্বকাপে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ শুরুর ঘণ্টাখানেক পর হাংজুতে মাঠে নামার কথা ছিল আফগানিস্তান ও ভারতের। দুই দলের মধ্যে ছিল স্বর্ণপদকের লড়াই।
তবে বৃষ্টি বাধায় শেষ পর্যন্ত খেলাটা মাঠে গড়ায়নি। তবে দুদলই প্রস্তুতি নিয়েছিল মাঠে নামার। একই দিন দুই ভিন্ন ভেন্যুতে একই দলের মাঠে নামার এটি তৃতীয় ঘটনা হতো। বৃষ্টি বাধায় সেটা আর হয়নি। বৃষ্টি বাধায় দুই দল মাঠে নামতে না পারায় স্বর্ণপদক জেতে ভারত। গেমসের নিয়ম অনুযায়ী বাছাইয়ে এগিয়ে থাকায় স্বর্ণপদক গেছে ভারতের ঘরে।
প্রায় একই সময় এশিয়ান গেমসে ছেলেদের ক্রিকেট ইভেন্ট ও ওয়ানডে বিশ্বকাপ চলায় এই কাকতালীয় ঘটনা দেখার সৌভাগ্য হয়েছে ক্রিকেট দুনিয়ার। এর জন্য অবশ্য আইসিসিকেও দেওয়া যেতে পারে একটি ধন্যবাদ। কারণ, আইসিসির নিয়ম অনুয়ায়ী সদস্যভুক্ত দুই দলের মধ্যকার যেকোনো টি-টোয়েন্টি ম্যাচকেই দেওয়া হয় আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা। এই কারণে এশিয়ান গেমসে দ্বিতীয় সারির দল খেললেও ম্যাচগুলোকে দেওয়া হয়েছে আন্তর্জাতিক ম্যাচের মর্যাদা। ফলে পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান একই দিন দুই ভিন্ন জায়গায় দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পেয়েছে।