প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩ ২২:২৮ পিএম
কত কিছু ঘটে গেল, এবার শুধুই খুশি। প্রেমিকাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পর নেইমারের বিরুদ্ধে উঠেছিল বিশ্বাসঘাতকার অভিযোগ। অন্তঃসত্ত্বা বান্ধবী ব্রুনা বিয়ানকার্দির কাছে দীর্ঘ পোস্টে ক্ষমা চেয়েছিলেন, সব ভুলে আবার এক হয়েছিলেন দুজন। এবার ব্রুনার কোলজুড়ে এলো ফুটফুটে কন্যাসন্তান। সদ্যোজাত কন্যার মুখ দেখে যারপরনাই খুশিও হয়েছেন নেইমার।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিষ্ঠ হওয়া শিশুসন্তান ও প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন নেইমার। ছবিতে বাচ্চাকে চুম্বনরত অবস্থায় দেখা যায় নেইমার-বিয়ানকার্দিকে।
সেখানে নেইমার লিখেছেন, ‘আমাদের জীবন ধন্য করে একটি কন্যাসন্তান এসেছে। তোমাকে স্বাগতম! তুমি ইতোমধ্যে আমাদের কাছে খুব প্রিয়। কোল আলোকিত করার জন্য ধন্যবাদ।’
নেইমার অবশ্য এবার প্রথম নয়, সাবেক প্রেমিকা ক্যারোলিনা দান্তাসের ঘরেও একটি সন্তান আছে। ডেভিড লুকা নামে ১২ বছর বয়সি ছেলের পর এবার কন্যাসন্তানের বাবা হলেন ব্রাজিলিয়ান তারকা।