প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩ ০৩:৩০ এএম
রইল বাকি ব্রোঞ্জপদক জয়ের আশা। সেই লক্ষ্যে বাংলাদেশকে লড়তে হবে পাকিস্তানের বিপক্ষে। সাইফ হাসানদের সোনার স্বপ্নভঙ্গ করে এশিয়ান গেমসে আরেকটি পদক নিশ্চিত করেছে ভারত। ছেলেদের ক্রিকেটে টাইগারদের ব্যাটিং-বোলিংয়ে ধসিয়ে ফাইনাল নিশ্চিত করেছেন তিলক ভার্মারা। সোনা জয়ে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান।
শুক্রবার চীনের হাংজুতে ২০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ৯৬ রানেই আটকে যায় বাংলাদেশ। জবাবে ৬৪ বল হাতে রেখে এক উইকেট খুইয়ে ফাইনালের টিকিট কাটে ভারত। আরেক সেমিতে পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে স্বর্ণপদক জয়ের লড়াইয়ে পা রেখেছে আফগানরা। আজ বসবে সোনা জয়ের লড়াই।
ভারতের বিপক্ষে হতশ্রী ব্যাটিং প্রদর্শনীতে পারভেজ হোসেন ইমন করেন ৩২ বলে ২ ছক্কায় ২৩ রান। সাত নম্বরে নামা জাকের আলী ২৯ বলে ১ ছক্কায় ২৪ রানে অপরাজিত থাকেন। রাকিবুল হাসান দশ নম্বরে নেমে ৬ বলে ২ চার ও ১ ছক্কায় ১৪ রান করেন। আর কোনো ব্যাটার দুই অঙ্কের ঘরেই পৌঁছতে পারেননি।
ভারতের হয়ে সাই কিশোর ৪ ওভারে ১২ রান দিয়ে দখল করেন ৩ উইকেট। ওয়াশিংটন সুন্দর ২ উইকেট শিকার করেন। সহজ লক্ষ্য তাড়ায় টিম ইন্ডিয়া রানের খাতা খোলার আগেই প্রথম ওভারে যশস্বী জয়সওয়ালের উইকেট হারায়। রিপন মণ্ডলের বলে ফ্লিক করতে গিয়ে এ ওপেনার শর্ট ফাইন লেগে মৃত্যুঞ্জয় চৌধুরীর হাতে ধরা পড়েন।
বাকি সময়টা ঋতুরাজ গায়কোয়াড় ও তিলক ভার্মা বাইশ গজে ঝড় তুলে টাইগার বোলারদের ওপর শাসন চালান। ফিফটি পাওয়া তিলক মাত্র ২৬ বলে ২ চার ও ৬ ছক্কায় ৫৫ রানে অপরাজিত থাকেন। ২৬ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪০ রানে ক্রিজে ছিলেন ঋতুরাজ।