প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩ ০০:১৭ এএম
পাকিস্তান ক্রিকেটের সঙ্গে দারুণ সম্পর্ক ম্যাথু হেইডেনের। দুই দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপে পরামর্শকের ভূমিকায় ছিলেন বারব আজমদের। সফলও হয়েছেন। একবার পাকিস্তানকে তুলেছেন সেমিতে, অন্যবার শিরোপার মঞ্চে।
পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে দুই বছর থাকায় অনেক কিছু কাছ থেকে দেখেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। সেই অভিজ্ঞতা থেকেই বলেছেন, ইসলাম বদলে দিয়েছে বাবরদের।
একটা সময় ছিল, পাকিস্তান ক্রিকেটে ছিল অস্থিরতা। ঝামেলা যেন পিছু ছাড়ত না। সেই ধারায় আমূল পরিবর্তন এসেছে ইসলাম ধর্ম মানায়।
বছরখানেক আগে হেইডেন জানিয়েছিলেন, পাকিস্তান দলের ধর্মীয় সংস্কৃতি দেখে মুগ্ধ তিনি। পাশাপাশি ধর্মের প্রতি মোহাম্মদ রিজওয়ানের বাড়তি আকর্ষণও তার কাছে ভালো লেগেছে।
অস্ট্রেলিয়ার সাবেক বাঁহাতি ব্যাটসম্যান এবার সামনে আনলেন পাকিস্তানের ক্রিকেটারদের শৃঙ্খলাবদ্ধ হওয়ার পেছনের কারণ। ভারতে বিশ্বকাপের প্রস্তুতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাবরদের ম্যাচে ধারাভাষ্য কক্ষে হেইডেন বলেন, ‘ইসলাম ধর্মের প্রতি পাকিস্তানের ক্রিকেটাররা খুব মনোযোগী।
পাকিস্তান দলের খেলোয়াড়রা জীবনযাপনে খুব শৃঙ্খলাপরায়ণ। আমি এটির প্রশংসা করি। কারণ, ক্রিকেট কিন্তু শৃঙ্খলারই খেলা। আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে, নিবেদন থাকতে হবে, ধারাবাহিক হতে হবে। আর এসবই ইসলামের প্রতিনিধিত্ব করে।’