প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩ ২২:৫২ পিএম
ক্রিকেটের ছোট ফরম্যাটের ডামাডোলে জৌলুস হারিয়ে বসেছে পঞ্চাশ ওভারের ক্রিকেট। বোদ্ধাদের শঙ্কা, একসময় হারিয়ে যাবে এক দিনের খেলাটি। সেই শঙ্কা কাটাতেই কারও পরামর্শ ওভার কমিয়ে আনা হোক, কেউ চান খেলাটি বাদই হয়ে যাক। শচীন টেন্ডুলকার কিছুদিন আগে বলেছিলেন, ওভার কমিয়ে নয় খেলাটিকে বরং টেস্টের মতো ইনিংসে রূপ দিয়ে চালানো যেতে পারে। শচীনের পরামর্শ ছিল- ৫০ ওভারকে চারটি ইনিংসে ভাগ করা হোক, তাহলে বিরক্ত হবে না দর্শকরা, বরং আনন্দ বেড়ে যাবে বহুগুণ।
আরও পড়ুন - ক্রিকেটের পাশাপাশি পর্যটনের সম্ভাবনা
সেই বিরক্ত ইস্যুতেই নজর কাড়লেন মার্ক নিকোলাস। ক্রিকেটের আইনপ্রণেতা সংস্থা এমসিসির নতুন প্রেসিডেন্ট সরাসরি বলেছেন, মারকাটারি টি-টোয়েন্টি এত বেশি বাজার দখল করে নিচ্ছে যে, একসময় ওয়ানডে ক্রিকেটের মৃত্যু হবে।
বেশ কিছু দিন আগে ট্রেন্ডের মতো হয়ে গিয়েছিল ওয়ানডে ক্রিকেটের পক্ষে-বিপক্ষে বলা। সাবেক ক্রিকেট বোদ্ধাদের অনেকেই হুমকির দেখছিলেন ওয়ানডে ক্রিকেটকে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে নিকোলাস বলেছেন, ‘জোরালোভাবে বিশ্বাস করি, ওয়ানডে শুধু বিশ্বকাপেই খেলা উচিত। এই সংস্করণের সার্থকতার জন্য দ্বিপক্ষীয় সিরিজগুলো কঠিন হয়ে উঠছে। অনেক দেশেই গ্যালারি ভরছে না। ৫০ ওভারের সংস্করণ চালিয়ে গেলেও সেটি ওয়ানডে ক্রিকেটকে মৃত্যুর দিকেই ঠেলে দেবে।’