× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ গোলের থ্রিলার জিতল বসুন্ধরা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩ ০০:০২ এএম

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩ ০১:৩৪ এএম

পাঁচ গোলের থ্রিলার জিতল বসুন্ধরা

ম্যাচের শুরুর দিকে গোল পেয়ে লিড পেয়েছিল ওড়িশা এফসি। এগিয়ে গিয়ে জয়ের বিকল্প কিছু ভাবছে না- এমন বার্তা দিয়েছিল ভারতীয় ক্লাব। কিন্তু এএফসি কাপে নিজেদের মাঠে পিছিয়ে গিয়েও হাল ছেড়ে দেয়নি বসুন্ধরা কিংস।

আক্রমণাত্মক ফুটবলের ফুল ফুটিয়ে শুধু গোলই শোধ করেনি; ব্রাজিলিয়ান ফুটবলারদের ঝলকে ৫ গোলের থ্রিলার ম্যাচে ৩-২ গোলে জিতে উৎসবের আনন্দেও ভেসেছে দেশের ক্লাবটি।

টুর্নামেন্টের এবারের আসরের গ্রুপ পর্বে এ নিয়ে দ্বিতীয় ম্যাচে এসে জয়ের স্বাদ পেল বসুন্ধরা। প্রথম ম্যাচে কোচ অস্কার ব্রুজনের শিষ্যরা ৩-১ গোলে ধরাশায়ী হয়েছিল মালদ্বীপের ক্লাব মাজিয়ার মাঠে।

গতকাল বসুন্ধরা কিংস অ্যারেনাতে ম্যাচের বয়স ১৯ মিনিট হতেই গোল দিয়ে এগিয়ে যায় ওড়িশা। মাভিমিংথাঙ্গা জেরির সঙ্গে ওয়ান-টু পাসে বক্সে বল বাড়ান লালডিনলিয়ানা। ডান প্রান্ত ধরে দ্রুতই ক্রস শট নেন ওড়িশার ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডিয়েগো মউরিসিও। জিকোর পরিবর্তে গোলপোস্টের নিচে থাকা গোলকিপার মেহেদী হাসানকে বোকা বানায় সেই শট। 

প্রথমার্ধে চার মিনিটের ব্যবধানে দুবার গোল শোধ দেওয়ার দারুণ এক সুযোগ হাতছাড়া করে বসুন্ধরা। তবে ৩৯ মিনিটে গোল না পাওয়ার আক্ষেপ ঘুচিয়ে ফেলে স্বাগতিকরা। বাঁ প্রান্ত ধরে দারুণ দক্ষতায় টাচ লাইনের ওপর থেকে বক্সে চিপ করেন রবিনহো।

এই ব্রাজিলিয়ানকে আটকাতে গোলরক্ষক অমরিন্দর সিংও চলে গিয়েছিলেন সেখানে, তাতে গোলপোস্ট হয়ে যায় অরক্ষিত। ফাঁকা পোস্টে রবিনহোর চিপ ধরে হেডে বল জালে জড়ান আরেক ব্রাজিলিয়ান মিগেল ফিগেইরা।

বিরতিতে যাওয়ার আগেই ব্যবধান বাড়িয়ে নেয় বসুন্ধরা। রাকিবের ক্রসে বক্সের ভেতর থেকে দোরিয়েলতনের দারুণ হেড জড়িয়ে যায় জালে। তাতে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে বিরতিতে যায় দেশের অন্যতম সেরা দলটি।

বিরতির পর খেলা আরও জমে ওঠে। ৫৪ মিনিটে বসুন্ধরা এগিয়ে যায়। রবিনহোর পাসে দোরিয়েলতন বক্সে ঢুকে গোলকিপারের দুই পায়ের ফাঁক দিয়ে বল জড়িয়ে দেন জালে। নাটমেগ গোলে স্বাগতিকদের আনন্দটা আরও বেড়ে যায়। একটু পরই ওড়িশার একটি প্রচেষ্টা সাইড বারে লাগলে অতিথিদের ব্যবধান কমানোর প্রচেষ্টা ভেস্তে যায়।

লড়াইয়ের ৬৬ মিনিটে ওড়িশা ব্যবধান কমিয়ে ফেলে। জেরির জোরালো শটে কাঁপে জাল। বসুন্ধরার পরপর দুটি গোলের প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়ায় পোস্ট। ৬৯ মিনিটে রবিনহোর শট সাইড বারে লাগায় গোল হয়নি। ৬ মিনিট পর গফুরবেগের হেড ক্রস বারে লাগলে আবারও হতাশ হয় স্বাগতিক সমর্থকরা।

৮৫ মিনিটে ওড়িশার রয় কৃষ্ণার মাথা ছোঁয়া বল ক্রস বারে লেগে প্রতিহত হলে সমতায় ফেরা হয়নি। এতেই এএফসি কাপে প্রথম জয় পেল অস্কার ব্রুজনের দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা