খেলবেন আফগানদের বিপক্ষে
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩ ২২:০৯ পিএম
বাঁ পায়ের গোড়ালির ইনজুরির কারণে খেলতে পারেননি সাকিব আল হাসান। তখন কিছুটা শঙ্কা জেগেছিল বিশ্বকাপের মূল পর্বে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও খেলবেন না। তবে সেই ধরনের শঙ্কা আপাতত নেই। বাড়তি সতর্কতার অংশ হিসেবে শ্রীলঙ্কার মতো ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও খেলবেন না সাকিব আল হাসান। এমনটাই জানা গেছে টিম ম্যানেজমেন্ট থেকে।
আরও পড়ুন - রাবাদার চোখ বিশ্বকাপ শিরোপায়
সোমবার গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের আগে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল। বাড়তি সতর্কতার অংশ হিসেবে তাকে রাখা হবে না এই ম্যাচে। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচের আগে ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ের চোটে পড়েন সাকিব আল হাসান। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামেননি। চোট গুরুতর না হলেও সাকিবকে রাখা হয় বিশ্রামে। এরই অংশ হিসেবে ইংল্যান্ডের ম্যাচেও থাকবেন না। সাকিব ছাড়া বাংলাদেশের প্রস্তুতি মোটেও খারাপ হয়নি। শ্রীলঙ্কাকে হারায় ৭ উইকেটের বড় ব্যবধানে।
সাকিবের পাশাপাশি শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ছিলেন না সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফলে এই ম্যাচে সাকিবের বদলি হিসেবে অধিনায়কের দায়িত্বে ছিলেন মেহেদি হাসান মিরাজ। ওই ম্যাচের পর মিরাজ জানান, দলের পারফরম্যান্সে খুশি তিনি। বিশেষ করে ব্যাটারদের ঘুরে দাঁড়ানো পারফরম্যান্স মনে ধরেছে তার।
এই নিয়ে মিরাজ বলেন, ‘আমাদের ব্যাটাররা ভালো শুরু এনে দিয়েছিল। তামিম-লিটন ভালো করেছে। প্রথম কয়েক ওভারে বেশ ভালোভাবে ব্যাটিং করেছে এবং বড় জুটি এনে দিয়েছে। এতে আমাদের পরের ব্যাটারদের ব্যাটিং করা সুবিধা হয়েছে।’ বোলিংয়েও উজ্জ্বল ছিল বোলাররা। এই নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় শুরু থেকে বোলাররা প্রথম ১৪ ওভার ভালো করতে পারেনি। কিন্তু তারা বেশ ভালোভাবে ফিরে এসেছে। আমি এতে খুশি। অবশ্যই স্পিনারদের কৃতিত্ব দিতে হবে। মাহেদি মাঝের ওভারে টানা দুই উইকেট নিয়েছে। এতে আমরা শক্তিশালী হয়ে ফিরে এসেছি।’
অধিনায়কত্বের দায়িত্বভার পাওয়া মিরাজ নিজেকে প্রমাণ করেছেন দারুণভাবে। বল হাতে ৩২ রানে ১ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে ৬৭ রানে অপরাজিত ছিলেন। নিজেকে নিয়ে এখন আত্মবিশ্বাসী মিরাজ। বলেন, ‘আমি শেষ কয়েক ম্যাচে কিছুটা কনফিউজড ছিলাম। তবে এখন আমার মাথায় ছিল পজিটিভ খেলতে হবে।... তবে আমাকে এভাবে খেলতে হবে।’ বিশ্বকাপে বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়েও কথা বলেন মিরাজ। তিনি জানান, ‘ব্যাটিং-বোলিং ফিল্ডিং তিন বিভাগে আমরা ভালো করতে পারি, তাহলে আমরা টুর্নামেন্টে ভালো করতে পারব।’
ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের পর বাংলাদেশ প্রস্তুত হবে মূল পর্বের জন্য। আগামী ৭ অক্টোবর ধর্মশালায় নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবেন লাল-সবুজ প্রতিনিধিরা। ওই ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবেন সাকিব-শান্তরা।