প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ২০:৩৫ পিএম
ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে আঙুলে চোট পান টিম সাউদি। বিশ্বকাপের শুরুর দিকে তাকে নিয়ে দেখা দেয় শঙ্কা। সেই শঙ্কা অবশ্য দূর হয়েছে। নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে যোগ দেওয়ার ছাড়পত্র পেয়েছেন কিউইদের তারকা এই পেসার।
এর আগে ইনজুরি শঙ্কা থাকলেও নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলে রাখা হয় টিম সাউদিকে। সম্প্রতি ক্রিকইনফো জানিয়েছে ,আগামী শনিবার নিউজিল্যান্ডের হয়ে বিশ্বকাপ খেলতে ভারতের উদ্দেশে উড়াল দেবেন টিম সাউদি। ফিট থাকলে ৫ অক্টোবর উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন তিনি। অবশ্য তারও আগে ফিট হয়ে উঠবেন সাউদি; আশা করা হচ্ছে এমনটাই। সব ঠিক থাকলে ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আসরের উদ্বোধনী ম্যাচে মাঠে নামবেন কিউই এই তারকা।
লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ ও শেষ ওয়ানডেতে স্লিপে জো রুটের ক্যাচ ধরতে গিয়ে আঙুলে আঘাত পান সাউদি। পরে পরীক্ষা করে দেখা যায়, বৃদ্ধা আঙুলের হার স্থানচ্যুত হয়েছে তার। তৈরি হয়ে শঙ্কা। প্রথমে কিছুদিন বিশ্রামে রেখে কাজ না হলে পরে করানো হয় অস্ত্রোপচার। সঙ্গে বিশ্বকাপ দলে টিম সাউদির পরিবর্তে রিজার্ভ হিসেবে রাখা হয় কাইল জেমিসনকে।
এমনিতেই চোট নিয়ে দুশ্চিন্তা আছে নিউজিল্যান্ড। গত আইপিএলে চোটে পড়েছিলেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড অধিনায়ক এখনো এই চোট থেকে পুরো সুস্থ হয়ে উঠতে পারেননি। বিশ্বকাপের শুরু থেকেই নিউজিল্যান্ড তাকে পাবে কি না, তা নিয়েও রয়েছে সন্দেহ। অবশ্য তার আগে প্রস্তুতি ম্যাচে নিজের অবস্থান পরখ করে নেওয়ার কথা রয়েছে তার।
ক্রাইস্টচার্চ থেকে আজ বুধবার নিউজিল্যান্ড দলের আরেকটি অংশ ভারতের উদ্দেশে উড়াল দেবে। বাংলাদেশ থেকে যাবে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলের আরেকটি অংশ।