প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৪ পিএম
ভারতের দেওয়া বিশ্বকাপ দলে নেই রবিচন্দ্রন অশ্বিন। সেজন্য আক্ষেপও করছিলেন, চটেও ছিলেন। কিন্তু নিজেকে প্রস্তুত রাখতে পিছপা হননি। অশ্বিনের আক্ষেপ মিটতে পারে, ফিরতে পারেন বিশ্বকাপ দলেও। চাউর আছে এমন খরব। চোট যদি শেষ পর্যন্ত অক্ষর প্যাটেলের সর্বনাশ করেই দেয়, অর্থাৎ চোটের কারণে অক্ষর ছিটকে গেলে রোহিত শর্মার দলে ঢুকবেন অশ্বিন।
সম্ভাবনার পারদ যখন তুঙ্গে, তখন নিজেকে নতুন রূপে চেনালেন অফস্পিনার। প্রতিপক্ষের দিকে হানলেন নতুন বোলিং অস্ত্র। অশ্বিনের মূলত ক্যারম বলটাই বড় হাতিয়ার। রবিবার অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাশ লাবুশেনের বিপক্ষে অশ্বিন করেছেন রিভার্স ক্যারম। বিশ্বকাপের আগে বোলিং বৈচিত্র্য ভারতের কোচ রাহুল দ্রাবিড়ের কপালেও চিন্তার ভাঁজ ফেলতে পারে। তবে গ্রিপ এবং রিভার্স ক্যারম বল করা অশ্বিন এটিকেই স্বাভাবিকভাবে দেখতে চান, ‘বল ব্যাক স্পিন করানোর চেষ্টা করছি। এর ফলে বলের সিমটা সোজা থাকবে।’
তবে বিষয়টি প্রভাবক হতে পারে বিশ্বকাপ দলে অশ্বিনের জায়গা পাওয়াতে। চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত বিশ্বকাপের ১৫ জনের দলকে বদলে দেওয়ার সুযোগ রয়েছে। আজ অজিদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ। এরপর ৮ অক্টোবর প্যাট কামিন্স-স্টিভ স্মিথদের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। অশ্বিন কি থাকবেন ভারতের ঘরের মাটিতে বসা বিশ্বকাপে? সেই প্রশ্ন জোরালো হচ্ছে অক্ষরের চোটে।
এশিয়া কাপের ফাইনালে চোটের কারণে খেলতে পারেননি অক্ষর। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুটি এক দিনের ম্যাচেও জায়গা পাননি। বর্তমানে রিহ্যাবে আছেন স্পিন অলরাউন্ডার। দেশটির মিডিয়া জানিয়েছে, অজিদের বিপক্ষে তৃতীয় এক দিনের ম্যাচ থেকেও ছিটকে গিয়েছেন অক্ষর। তাতে অশ্বিনের বিশ্বকাপ খেলার সুযোগ বাড়ছে। যদিও এই ইস্যুতে এখনও বিসিসিআই কোনো বিবৃতি দেয়নি।
ভারতের টিম ম্যানেজমেন্ট ভেবেছিল সিরিজের তৃতীয় ম্যাচের আগে অক্ষর সুস্থ হয়ে যাবেন। তবে সেটা হয়নি। দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে, বাঁহাতের আঙুল ও কোয়াড্রিসেপ মাসলের চোট এখনও সারেনি অক্ষরের। চোট না সারলে তিনি বিশ্বকাপ দল থেকেও ছিটকে যাবেন। সেক্ষেত্রে বিশ্বকাপের দলে অশ্বিনের ঢুকে যাওয়ার সম্ভাবনা প্রবল। আর নতুন অস্ত্রে শান দেওয়া অশ্বিনের মতো অভিজ্ঞ বোলারকে হয়তো পেতেই চাইবে ভারত!