প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৩ ১৭:৫৩ পিএম
বিশ্বকাপে অশ্বিনের সুযোগ হতে পারে— সংগৃহীত
কারও সর্বনাশ, কারও পৌষ মাস— বাংলার বহুল প্রচলিত প্রবাদটির রূপ পেতে যাচ্ছে রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেল ইস্যুতে। কদিন আগে দেওয়া ভারতের বিশ্বকাপ দলে নেই অশ্বিন। ঘরের মাঠের বিশ্বকাপে দলে জায়গা না পাওয়ায় আক্ষেপও করছিলেন। সেই আক্ষেপ এবার মিটতে পারে, অশ্বিন আসতে পারেন রোহিত শর্মাদের বিশ্বকাপ দলে।
এশিয়া কাপের ফাইনালে চোটের কারণে খেলতে পারেননি অক্ষর। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুটি একদিনের ম্যাচেও জায়গা পাননি। বর্তমানে রিহ্যাবে আছেন স্পিন অলরাউন্ডার। দেশটির মিডিয়া জানিয়েছে, অজিদের বিপক্ষে তৃতীয় একদিনের ম্যাচ থেকেও ছিটকে গিয়েছেন অক্ষর। তাতে অশ্বিনের বিশ্বকাপ খেলার সুযোগ বাড়ছে। যদিও এই ইস্যুতে এখনও বিসিসিআই কোনও বিবৃতি দেয়নি।
টিম ম্যানেজমেন্ট ভেবেছিল সিরিজের তৃতীয় ম্যাচের আগে অক্ষর সুস্থ হয়ে যাবেন। তবে সেটা হয়নি। দেশটির একাধিক গণমাধ্যম জানিয়েছে, বাঁহাতের আঙুল ও কোয়াড্রিসেপ মাসলের চোট এখনও সারেনি অক্ষরের। চোট না সারলে তিনি বিশ্বকাপের দল থেকেও ছিটকে যাবেন। সেক্ষেত্রে বিশ্বকাপের দলে অশ্বিনের ঢুকে যাওয়ার সম্ভাবনা প্রবল।
অক্ষরের চোটের আপডেট জানাতে রোহিত বলেছিলেন, ‘মনে হচ্ছে অক্ষরের সেরে উঠতে এক সপ্তাহ থেকে ১০ দিন লাগতে পারে। কীভাবে চোট সেরে ওঠে, সেদিকে নজর রাখতে হবে আমাদের।’
চলতি মাসের ২৮ তারিখ পর্যন্ত বিশ্বকাপের ১৫ জনের দলকে বদলে দেওয়ার সুযোগ রয়েছে। ২৭ সেপ্টেম্বর অজিদের বিরুদ্ধে সিরিজের শেষ ম্যাচ। এরপর ৮ অক্টোবর প্যাট কামিন্স-স্টিভ স্মিথদের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। অশ্বিন কি থাকবেন ভারতের ঘরের মাটিতে বসা বিশ্বকাপে?