প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫৫ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৩ ২১:২২ পিএম
হ্যামস্ট্রিংয়ের চোট কাল হয়ে দাঁড়িয়েছে হাসারাঙ্গার বিশ্বকাপ স্বপ্নে
আশঙ্কা শেষ পর্যন্ত সত্যিই হলো। এশিয়া কাপের পর বিশ্বকাপেও ব্রাত্য হতে যাচ্ছেন ভানিদু হাসারাঙ্গা। বৈশ্বিক আসরের সপ্তাহ দুয়েক আগে দাসুন শানাকার দল হারাতে যাচ্ছে নিজেদের আরেকটি বড় হাতিয়ার। হাসারাঙ্গা ছিটকে গেলেও চোটাক্রান্ত দুশমন্থ চামিরা ও মহেশ থিকসেনার ফেরা নিয়ে আশাবাদী শ্রীলঙ্কা।
লঙ্কান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে হাসারাঙ্গার ছিটকে যাওয়ার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। এমনকি শ্রীলঙ্কার বিশ্বকাপ দলও ঘোষণা করা হয়নি। তবে দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, বিশ্বকাপের পুরোটা সময় দর্শক হিসেবে কাটাতে হবে হাসারাঙ্গাকে। তার বদলি খোঁজার চেষ্টাতেও আছে দেশটির ক্রিকেট বোর্ড।
লঙ্কান ক্রিকেট বোর্ডের মেডিকেল কমিটির চেয়ারম্যান অর্জুনা ডি সিলভার বরাতে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, বিশ্বকাপের পুরোটা সময়েও চোট কাটিয়ে উঠতে হয়তো পারবেন না হাসারাঙ্গা। চোট থেকে ফিরলেও খেলার সম্ভাবনা বিশ্বকাপে একদম নেই! হ্যামস্ট্রিংয়ে তার চোট যে পর্যায়ে আছে, তাতে সার্জারিও করানো লাগতে পারে।
লঙ্কা প্রিমিয়ার লিগে চোট পেয়েছিলেন হাসারাঙ্গা। খেলতে পারেননি এশিয়া কাপে। সেই চোট সারিয়ে বিশ্বকাপে ফেরার আশা জাগালেও ফের বাগড়া দিয়েছে চোট। চিকিৎসকের মতে, বিশ্বকাপে খেলার ক্ষীণ সম্ভাবনাও নেই হাসারাঙ্গার।