প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৬:৩৯ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৭:০৯ পিএম
২০০০ সালে অভিষেকের পর শ্রীলঙ্কার হয়ে মোট চারটি বিশ্বকাপে মাঠে নেমেছিলেন কুমার সাঙ্গাকারা। দুইবার দলকে নিয়ে গিয়েছিলেন শিরোপা নির্ধারণী মঞ্চে। কোনোবারই ভাগ্য সহায় হয়নি। বিশ্বকাপ জয়ের আজন্ম আক্ষেপ নিয়েই ২০১৫ বিশ্বকাপে দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানেন দেশটির হয়ে রেকর্ড ২৭ হাজার ৭৫৭ রানের মালিক। ফের আরও একটি বিশ্বকাপ মঞ্চে পা রাখার অপেক্ষায় তার উত্তরসূরিরা। দলটিকে নিয়ে তার প্রত্যাশার কথা জানিয়েছেন সাঙ্গাকারা। সেই সঙ্গে বিশ্বকাপে সাঙ্গাকারা বাজি ধরেছেন ইংল্যান্ড ও ভারতকে নিয়ে।
৫ অক্টোবর শুরু হতে যাওয়া ভারত বিশ্বকাপে শ্রীলঙ্কার প্রথম ম্যাচ ৭ অক্টোবর। যেখানে দলটি মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এশিয়া কাপের মতো সেখানেও উত্তরসূরিদের সেরা ছন্দে দেখার অপেক্ষায় আছেন সাঙ্গাকারা।
এ ছাড়াও বিশ্বকাপের ফেভারিট নিয়ে সাঙ্গাকারা বলেন, ‘আমি মনে করি ইংল্যান্ড এবং ভারত টুর্নামেন্টের ফেভারিট। তবে আমি শ্রীলঙ্কাকে শেষ ম্যাচটি খেলতে দেখেছি। এশিয়া কাপে তারা যেভাবে খেলেছে, তাতে তারা প্লে-অফ পজিশনের জন্য চ্যালেঞ্জিং হতে পারে। একবার প্লে অফে গেলে, তখন ফাইনাল থেকে মাত্র একটি ম্যাচ দূরে থাকবে তারা। আর সেই দিনটি ভালো কাটলে, তারা ফাইনালে থাকতে পারে।’