প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫৬ পিএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২১:২৯ পিএম
এশিয়া কাপের সুপার ফোরে ভারতের বিপক্ষে রেকর্ড ২২৮ রানে হেরেছে পাকিস্তান। নেট রান রেট নেতিবাচক। পাকিস্তানকে টপকে টেবিলের দুইয়ে অবস্থান শ্রীলঙ্কার। এই অবস্থায় কাল শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে বাবর আজমের দল। তবে কোনো কারণে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেলে কপাল পুড়বে পাকিস্তানের। নেট রান রেটে এগিয়ে থাকায় ফাইনালে পা রাখবে শ্রীলঙ্কা। এই পরিস্থিতির জন্য ব্যাটারদের দায় দেখছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল। নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বাবরদের রীতিমতো ধুয়ে দিয়েছেন তিনি।
এশিয়া কাপে পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে আকমল বলেন, ‘আপনি যদি বিশ্বকাপে ভালো পারফরম্যান্স চান, এশিয়া কাপের ফাইনালে খেলতে চান, আর এদিকে যদি আপনারা এই পদ্ধতিতে খেলতে থাকেন, তবে নেদারল্যান্ডসকেও হারাতে বেগ পেতে হবে। এর জন্য কী ব্যবস্থাপনা গ্রহণ করেছেন? আপনাকে প্রথমে বল করতে কে বলেছে? অন্তত খেলোয়াড়দের বলুন ক্রিজে থাকতে। রান রেট কোথায় গিয়ে নেমেছে। আপনি বাংলাদেশের বিপক্ষে ৪০ ওভার লাগিয়েছেন ১৯০ রান তাড়া করতে।’
ব্যাটারদের উদ্দেশে আকমল বলেন, ‘বার্তা পাঠান। শাদাব, ইফতিখার, সালমান যেভাবে আউট হয়েছে আপনাকে তাদের বলতে হবে পুরো ওভার খেলে আসতে। স্কোর কমপক্ষে ২৬০ থেকে ২৮০-তে নিয়ে যেতে হবে। অবশ্য তারা জানে পিসিবি এর জন্য তাদের কোনো কঠিন প্রশ্ন করবে না। কোনো খেলা নেই, পরিকল্পনা নেই সব মিলিয়ে যা-তা অবস্থা। মনে হচ্ছে দলের সবাই ছুটিতে গেছে। আমি দুঃখিত যে আমাকে বলতে হচ্ছে, একটি শীর্ষ দলের বিপক্ষে স্কুলের ছেলেদের মতো পারফর্ম করেছেন আপনারা।’