প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ২০:৫০ পিএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩ ২১:০২ পিএম
আগের দিন বৃষ্টির কারণে রিজার্ভ ডেতে নিয়ে আসতে হয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ। এদিনও ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই বৃষ্টি হয়েছে মাঠে। ফলে খেলা গড়ায়নি নির্ধারিত সময়ে। বৃষ্টি শেষে খেলা মাঠে গড়ালে পাকিস্তানকে ৩৫৭ রানের বিশাল টার্গেট ছুড়ে দেয় ভারত। জবাবে ১১ ওভার পর্যন্ত ব্যাট করেছিল পাকিস্তান। এরপর বৃষ্টি শুরু হলে ফের বন্ধ হয় খেলা।
এদিন ভারতের দেওয়া ৩৫৭ রানের পাহাড়সম লক্ষ্যে পাকিস্তানের শুরুটা হয়নি ভালো। পাওয়ার প্লেতেই ওপেনার ইমাম-উল হক ও বাবর আজমকে হারিয়েছে পাকিস্তান। উইকেটে থাকা ফখর জামানকে সঙ্গ দিতে উইকেটে এসেছিলেন মোহাম্মদ রিজওয়ান। তবে এর পরপরই শুরু হয় বৃষ্টি। মাঠ ছাড়ার আগে ১১ ওভার শেষে ২ উইকেট খরচায় স্কোরবোর্ডে ৪৪ রান জমা করেছে পাকিস্তান।
এদিন ১৪৭ রানে থাকা ভারত ব্যাট করতে নেমে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বিরাট কোহলি। এই রেকর্ড গড়ার পরপরই ওয়ানডেতে নিজের ৪৭তম সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। এর আগে ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির দেখা পেয়েছেন লোকেশ রাহুল। দুজনের সেঞ্চুরিতে ভারতের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ৩৫৬ রান।
এদিন পাকিস্তানের বিপক্ষে ইনিংসের ৮৪তম বলে সেঞ্চুরি পূর্ণ করেন কোহলি। এর আগের বলেই পূর্ণ করেন ওয়ানডে ক্যারিয়ারের ১৩ হাজার রান। ওয়ানডে ক্যারিয়ারের ২৭৮তম ইনিংসে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এর আগে এত দ্রুত কোনো ব্যাটার ১৩ হাজার স্পর্শ করেননি। ভেঙেছেন সাবেক সতীর্থ শচীন টেন্ডুলকারের রেকর্ড। শচীন ১৩ হাজার রান স্পর্শ করেছিলেন ৩২১তম ইনিংসে। ওয়ানডে ইতিহাসের পঞ্চম ব্যাটার হিসেবে ১৩ হাজার করেছেন কোহলি।