প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১১:৩৬ এএম
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩ ১১:৪১ এএম
কেউ বলছেন তার বাবার নাম, কেউবা স্বামীর, কেউ আবার শোনাচ্ছেন তার আদরের ছেলের নাম— একে একে নিউজিল্যান্ডের বিশ্বকাপ দলের ১৫ জনের নাম অভিনব উপায়ে জানিয়েছে কিউইদের বোর্ড। ওয়ানডে বিশ্বকাপের দলে চমক বলতে চোটে ভোগা অধিনায়ক কেন উইলিয়ামসনের থাকা। কেন্দ্রীয় চুক্তিতে না থাকা দুই ক্রিকেটারকেও রাখা হয়েছে দলে।
সোমবার ভারত বিশ্বকাপের জন্য ১৫ জনের নাম জানায় নিউজিল্যান্ড। তবে ভিন্ন উপায়ে। নির্বাচক কিংবা কোচ নন, কোনো বিবৃতিতেও নয়! ব্লাকক্যাপসদের টুইটারে একটি ভিডিওতে দলে থাকা খেলোয়াড়দের প্রিয়জনের মুখ থেকে জানানো হয় কে কে থাকবেন ভারতের মাটিতে বসা বিশ্বকাপে। তারা প্রথমে জার্সি নম্বর এবং খেলোয়াড়ের সঙ্গে নিজের সম্পর্ক জানিয়ে ঘোষণা করেন ক্রিকেটারের নাম।
নিউজিল্যান্ডের কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকা জিমি নিশামকে রাখা হয়েছে। রয়েছেন ট্রেন্ট বোল্টও। হাঁটুর চোটে ভোগা কেন উইলিয়ামসন ফিরেছেন অধিনায়ক হিসেব। কিউইদের হয়ে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপ খেলবেন মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র ও উইল ইয়ং।
আগের বিশ্বকাপের দলে থাকা লকি ফার্গুসন, জিমি নিশাম, মিচেল স্যান্টনার ও ইশ সোধিও রয়েছেন এবারের বিশ্বকাপের স্কোয়াডে। ভারত বিশ্বকাপের মধ্য দিয়ে উইলিয়ামসন এবং পেসার টিম সাউদি চতুর্থবারের মতো বৈশ্বিক এ টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন।
বিশ্বকাপে নিউজিল্যান্ডের স্কোয়াড
কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি ও উইল ইয়াং।