প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৩ ১৭:২৭ পিএম
আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৩ ২১:১৭ পিএম
আবহওয়ার পূর্বাভাস আগেই জানিয়েছিল, বৃষ্টি হানা দিতে পারে। এমনকি হতে পারের বজ্রবৃষ্টিও। সেই শঙ্কাই ফলে গেল এবার। বৃষ্টি বাগড়া দিয়ে বসেছে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। তাতে বন্ধ হয়ে গেছে ভারত-পাকিস্তানের খেলা। রোহিত শর্মা ও শাবমান গিলের দুরন্ত ব্যাটিংয়ে ভারত ২৪.১ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৭ রান সংগ্রহ করতেই প্রকৃতি বাধা দিয়ে বসে।
পাওয়ার প্লেতে রোহিত-গিল তুলেছিলেন ৬১ রান। আগ্রাসী ব্যাটিংয়ে শুভমান গিল ফিফটি তোলার পর বেশি সময় নেননি রোহিত শর্মাও। ভারতের অধিনায়ক মন্থর শুরুর পরও ফিফটি তুলে নেন ৪৯ বলে। পরে অবশ্য বেশি সময় তাকে থাকতে দেননি সাদাব খান। রোহিতকে (৫৬) ফিরিয়ে বহুকাঙ্ক্ষিত সাফল্য এনে দিয়েছেন পাকিস্তানের অলরাউন্ডার। এরপর শাহিন দেখাচ্ছেন তোপ। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ১২১ রানের উদ্বোধনী জুটি ভাঙেন সাদাব। পরের ওভারে ফিফটি করা আরেক ব্যাটার শুভমান গিলকে (৫৮) ফেরান শাহিন আফ্রিদি।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে দাপুটে শুরু আনে গিল-রোহিত। প্রথম ওভার দেখে শুনে ছেড়ে দিলেও দ্বিতীয় ওভার থেকে পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হন ভারতের দুই ওপেনার।
দুই ওপেনারের ফেরায় চাপে পড়া ভারতকে টানছেন বিরাট কোহলি। তিনি ব্যাট করছেন ৮* রানে। দলে ফেরা কেএল রাহুল আছেন ১৭* রান নিয়ে।