প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ০৯:৩৮ এএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩ ১৮:০০ পিএম
প্রত্যাবর্তনের ম্যাচে পেলেকে ছাড়িয়ে গেছেন নেইমার : টুইটার
একাদশে থাকবেন কি না তা নিয়ে শঙ্কা ছিল। চোটে ভোগা নেইমার অবশ্য বলিভিয়ার বিপক্ষে খেললেন। কাতার বিশ্বকাপের পর ব্রাজিলের জার্সি গায়ে চাপিয়ে পেলেন জোড়া গোলের দেখা। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের শুরুটাও বড় জয়ে করেছে সেলেসাওরা।
ঘরের মাঠে বল দখল, গোলে শট কিংবা আক্রমণ— প্রতিপক্ষের ওপর স্রেফ ছড়ি ঘুরিয়েছে ব্রাজিল। ৮০ শতাংশ বল দখলে রেখে ৩১ শটের ১১টি রেখেছে গোলমুখে। বিপরীতে ৯টি শটের ৫টি লক্ষ্যে ছিল বলিভিয়ার। ব্রাজিলের ৫ গোলের বিপরীতে সফরকারীরা পেয়েছে ১ গোল।
শনিবার আক্রমণের পসরা সাজিয়ে বসা ব্রাজিল এগিয়ে যেতে পারত ১৭ মিনিটেই। কিন্তু দুর্বল শটে পেনাল্টি মিস করায় নেইমার আক্ষেপ বাড়ান। তবে কিংবদন্তি পেলেকে টপকে ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও হয়েছেন নেইমার। ৬১ মিনিটে একবার জালে বল জড়ানোর পর ম্যাচের যোগ করা সময়ে বাড়িয়েছেন ব্যবধান। তাতে ব্রাজিল পেয়েছে ৫-১ গোলের বড় জয়।
বাছাইয়ের শুরুর ম্যাচে নেইমারের জোড়া গোল ছাড়াও ২টি গোল করেছেন রদ্রিগো। ২৪ মিনিটের পর রদ্রিগো জোড়া পূরণ করেছেন ৫৩ মিনিটে। ৪৭ মিনিটে নেইমারের অ্যাসিস্টে অন্য গোলটি পেয়েছেন রাফিনহা। বলিভিয়ার একমাত্র গোলটি করেছেন আব্রেগো।