প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১২:১১ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৩১ পিএম
এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তানের পেসারদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের টপ অর্ডার। চার ব্যাটার আউট হয়েছেন পাওয়ার প্লের আগেই। সেট হয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন লিটন ও নাঈম। মাঝে জুটি গড়ে বিপর্যয় কাটিয়ে দলকে বড় সংগ্রহের ভিত গড়ে একই কাজ করেছেন অভিজ্ঞ সাকিব ও মুশফিক। শেষ দিকে ঢাল হতে পারেননি শামীম ও আফিফ। বাংলাদেশ গুটিয়ে যায় ১৯৩ রানে মাত্র ৩৮.৪ ওভারে। এই পরিস্থিতিতে ব্যাটারদের উইকেট বিলিয়ে দেওয়ার মানসিকতার পরিবর্তন আনার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ দলের সহকারী কোচ নিক পোথাস।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে পোথাস বলেন, ‘ব্যাটারদের শট নির্বাচনে আরও ভালো সিদ্ধান্ত নিতে হবে। ব্যাটিং ইউনিট হিসেবে, আমরা এই পরিস্থিতিতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। টস জিতে প্রথমে ব্যাট করলে অবশ্যই বোর্ডে যথেষ্ট স্কোর রাখতে হবে। তাদের বোলিং আক্রমণ অবশ্যই ভালো তবে আমরা তাদের কাজটা সহজ করে দিয়েছি। আমরা এর চেয়ে অনেক ভালো ব্যাট করতে পারি এবং আমাদের সেটাই করা উচিত ছিল। তবে এটা সত্যি যে শক্তিশালী পেস আক্রমণের বিরুদ্ধে আমাদের আরও উন্নতি করতে হবে। তবে এটি যদি সহজ হতো তবে সবাই এটি করত।’
ম্যাচ হারলেও বিশ্বকাপের আগে পাকিস্তানের কঠিন বোলিং আক্রমণের বিপক্ষে খেলার সুযোগটাকে অবশ্য বড় করেই দেখছেন পোথাস। বলেন, ‘বিশ্বকাপের আগে বাংলাদেশের ব্যাটসম্যানরা অন্তত একবার পাকিস্তানের বোলারদের মোকাবিলা করেছে। তারা এই মুহূর্তে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। তারা বিশ্বের এক নম্বর দল। সেরা দলের মতেই খেলেছে তারা। কিন্তু মনে রাখতে হবে, এটা তাদের ঘরের কন্ডিশন। এই কন্ডিশনে কীভাবে ভালো খেলতে হয় তারা তা সবচেয়ে ভালো জানে।’
এবারের এশিয়া কাপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষেও ভালো ব্যাটিং হয়নি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে অবশ্য আফগানদের বিপক্ষে দারুণ ব্যাটিং করেছে বাংলাদেশ। তাতে নিশ্চিত হয় বাংলাদেশে সুপার ফোর। এখানে এসে ফের একই চিত্র ব্যাটিংয়ে। যা নিয়ে বেশ চিন্তায় পোথায়, ‘ক্যান্ডিতে আমরা ভালো ব্যাটিং করিনি। আফগানিস্তানের বিপক্ষে অবশ্য ভালো খেলেছি। কিন্তু আবার আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলাম না। নিজেদের জন্য সঠিক কম্বিনেশন খোঁজার চেষ্টা করছি আমরা। এই মুহূর্তে পারফরম্যান্সে ধারাবাহিকতা আনাই মূল লক্ষ্য।’