এশিয়া কাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩ ১৩:০৪ পিএম
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৩ ১৮:৫৭ পিএম
নানা প্রতিবন্ধকতার পর হাইব্রিড মডেলে চলতি এশিয়া কাপের আয়োজন করেছে পাকিস্তান। যার মধ্যে ৯টি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। তবে সমস্যা দেখা দিয়েছে কলম্বোয় টানা বৃষ্টিপাত।
ভেন্যুটিতে ফাইনালসহ সুপার ফোরের মোট ৫টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ম্যাচগুলো মাঠে গড়ানো নিয়ে রয়েছে শঙ্কা। ফলে ভেন্যু পরিবর্তন করতে চেয়েছিল আয়োজক পাকিস্তান।
আর্থিক ক্ষতি থেকে বাঁচতে কলম্বোর থেকে ম্যাচগুলো সরিয়ে হাম্বানটোটায় নিতে চেয়েছিল পিসিবি। তবে সেটি সম্ভব হচ্ছে না এসিসির কারণে। আগের সূচি অনুযায়ী কলম্বোতেই ম্যাচগুলো আয়োজন করবে এসিসি।
বিষয়টি নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা ইএসপিএনক্রিকইনফোকে বলেন, কলম্বো নিশ্চিতভাবেই ম্যাচগুলো আয়োজন করবে। হাম্বানটোটায় ম্যাচ সরিয়ে নেওয়ার ব্যাপারটি আলোচনার পর্যায়ে ছিল।
তবে এ ব্যাপারে কাউকে কিছু নিশ্চিত করা হয়নি। তা ছাড়া অনেক সমর্থক কলম্বোতে ম্যাচ দেখার ব্যবস্থা করে ফেলেছেন। আর গত কয়েক দিনে কলম্বোতে আগের মতো বৃষ্টিও হয়নি।
কলম্বো থেকে হাম্বানটোটায় ম্যাচ সরিয়ে নেওয়ায় মূলত দেখা দিয়েছে লজিস্টিক জটিলতা। কেননা, হাম্বানটোটার ভেন্যুটি জঙ্গলের পাশে, নিকটতম আবাসনও সড়কপথে প্রায় ৪৫ মিনিট দূরত্বে।
আবার এত অল্প সময়ের মধ্যে চারটি দল, ম্যাচ অফিসিয়াল, সম্প্রচারকর্মীদের বিশাল বহরের আবাসন ব্যবস্থা ঠিক করা যাবে কি না, সেটি নিয়েও রয়েছে সংশয়।
আর সে কারণেই এত অল্প সময়ের মধ্যে ম্যাচগুলো হাম্বানটোটায় সরিয়ে নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত দেননি এসিসির সভাপতি ভারতের ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ।